
গোটা দেশ থেকে নির্বাচিত মাত্র দুটি ছবির একটি বাংলা ছবি
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল বাংলা ছবি ‘রুনানুবন্ধ’ (দ্য হি উইদআউট হিম)। গোটা দেশ থেকে মাত্র দুটি ছবি নির্বাচিত হয়েছে এই চলচ্চিত্র উৎসবে। আনন্দ পটবর্ধনের ‘রিজন’ ছাড়া দ্বিতীয় ভারতীয় ছবিটিই হল পরিচালক অমর্ত্য ভট্টাচার্যের ‘রুনানুবন্ধ’। দেখানো হবে উৎসবের ‘ফিল্মস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ বিভাগে।
২০১৭ সালে এই চলচ্চিত্র উৎসবে বেশ কিছু ভারতীয় আঞ্চলিক ছবি নির্বাচিত হলেও সেই তালিকায় কোনো বাংলা ছবি ছিল না। এবারে ভারতীয় ছবির সংখ্যা কমেছে চোখে পড়ার মতো। এবং তার মধ্যেই জায়গা করে নিয়েছে ‘রুনানুবন্ধ’। বাংলা ছবির ক্ষেত্রে এটা নিঃসন্দেহে সুখবর।
গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছিল অমর্ত্য ভট্টাচার্যের এই ছবি। প্রশংসিতও হয়েছিল। এছাড়াও, বিশ্বের আরো বেশ কিছু চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে ‘রুনানুবন্ধ’। এবারে মস্কো চলচ্চিত্র উৎসবে নির্বাচন অবশ্যই একটি বড়ো সাফল্য এই ছবির।
বাংলার চাতক দর্শককুল অবশ্য প্রার্থনা করছে এই ছবি প্রেক্ষাগৃহে বসে দেখার জন্য।
