
২০১৪ সাল থেকে ‘ঋতুপর্ণ ঘোষ স্মারক বক্তৃতা’ আয়োজন করে আসছে ‘প্রত্যয় জেন্ডার ট্রাস্ট’
শুধুমাত্র একজন চলচ্চিত্র নির্মাতা নয়। ঋতুপর্ণ ঘোষ সেই শিল্পীর নাম, যিনি বারবার অগণিত চেনা-অচেনা মানুষের অস্তিত্ব ও অধিকার নিয়ে নিরন্তর কথা বলেছেন— কখনও চলচ্চিত্রে, কখনও স্ব-বয়ানে। ভাবিত ছিলেন নারীর নির্মিতি, পুরুষের ধারণা বা লিঙ্গ-পরিচয়ের তৃতীয় পরিসরটির সংকট নিয়ে। প্রশ্ন তুলেছেন, ‘তৃতীয়’ শব্দটির কি আদৌ কোনো অস্তিস্ত্ব আছে? এই স্বনামধন্য মানুষটিকে স্মরণ করতেই ২০১৪ সাল থেকে ‘ঋতুপর্ণ ঘোষ স্মারক বক্তৃতা’ আয়োজন করে আসছে ‘প্রত্যয় জেন্ডার ট্রাস্ট’। কলকাতার একটি গুরুত্বপূর্ণ ট্রান্সজেন্ডার কালেক্টিভ। প্রত্যয় জেন্ডার ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, “ফি-বছর এমন এক জনকে আমন্ত্রণ জানায় এই ট্রাস্ট, যাঁর অক্লান্ত স্বর ও কাজ আমাদের চার পাশের থিতিয়ে-পড়া মননকে ক্রমাগত আক্রান্ত ও উদ্বুদ্ধ করে; প্রায়-অসম্ভব পরিস্থিতিতেও নিয়ে আসে সংলাপের সম্ভাবনা। কলকাতা এর আগে শুনেছে ফ্লাভিয়া অ্যাগনেস, পি সাইনাথ বা কাঞ্চা ইলাইয়া শেফার্ডের ভাষণ, দেখেছে সাবিত্রী হেইসনাম-এর ‘দ্রৌপদী’। এ বছর বলবেন রামন ম্যাগসাইসাই পুরস্কারজয়ী সাংবাদিক রবীশ কুমার।”

রবীশ কুমার একজন প্রখ্যাত লেখক ও সাংবাদিক। বর্তমানে একটি সর্বভারতীয় খবরভিত্তিক টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা সম্পাদক। ম্যাগসাইসাই পুরস্কার ছাড়াও পেয়েছেন বর্ষসেরা সাংবাদিক হিসাবে রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড এবং গৌরী লঙ্কেশ স্মৃতি পুরস্কার। ‘দ্য ফ্রি ভয়েস – ডেমোক্রেসি, কালচার্স অ্যান্ড দ্য নেশন’ (মুক্ত কণ্ঠ – গণতন্ত্র, সংস্কৃতি এবং দেশ) বইয়ের লেখক রবীশ কুমার কলকাতায় আসছেন আগামী ১৯ অক্টোবর সন্ধে ছ’টায়, দক্ষিণ কলকাতার বসুশ্রী সিনেমাহল-এ। এই অনুষ্ঠানের কোনো টিকিট রাখা হয়নি। যে কেউ অংশগ্রহণ করতে পারেন।
