
দেশজুড়ে শুরু হয়েছে অতিমারির দ্বিতীয় পর্যায়
মানবিক কাজ করার জন্য বারবার শিরোনামে থাকেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তাঁর নিজস্ব একটি স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছে। বছর জুড়ে মূক ও বধির শিশুদের নিয়ে তাঁর অধিকাংশ সময় কাটে। এবার বন্ধু রাহুল দাশগুপ্তকে সঙ্গে নিয়ে গত শনিবার ঋতাভরী চক্রবর্তী শহরের এক বেসরকারি হাসপাতালে ১০০ দুঃস্থ প্রবীণ নাগরিকের কোভিড টিকাদানের ব্যবস্থা করলেন।
দেশজুড়ে আবার নতুন করে হানা দিয়েছে অতিমারির। দ্বিতীয় পর্যায়ের এক কোভিড পরিস্থিতিতে কার্যত দিশেহারা সাধারণ মানুষ। করোনা ঠেকাতে চলছে টিকাকরণ। ঋতাভরী নিজে দাঁড়িয়ে সম্পূর্ণ আয়োজনের তদারকি করছেন। হাসপাতালে ১০০ জন প্রবীণ নাগরিকের ভিড়। প্রত্যেককেই যত্ন নিয়ে টিকা দেওয়া হয়েছে। ইন্সটাগ্রামে একটি ছোট্ট ভিডিও-মুহূর্ত শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “রাহুলের পাশাপাশি মা শতরূপা সান্যাল না থাকলে এত বড়ো কাজ করা সম্ভব হত না।” ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকেও।
