
দক্ষিণ ২৪ পরগনায় অভিনব উদ্যোগ
অন্যান্য সব পেশার মতোই রিক্সাচালক এবং ভ্যানচালকরাও বৃদ্ধ হয়ে গেলে শারীরিক পরিশ্রমের কাজ আর করতে পারেন না। ফলে তাঁরা রোজগারে অক্ষম হয়ে পড়েন। এবার সেই প্রবীণ ভ্যান ও রিক্সাচালকদের আর্থিক সাহায্য এবং তাঁদের চিকিৎসার দায়িত্ব নিয়ে অনন্য নজির গড়ল সোনারপুর আড়াপাঁচ রিক্সাচালক জনকল্যাণ সমিতি এবং সোনারপুর আড়াপাঁচ টোটো ও ভ্যানচালক কল্যাণ সমিতি।
সদ্য অবসর নেওয়া সোনারপুরের রিক্সাচালক গোপাল নস্কর এবং ভ্যানচালক অরুণ দেবনাথকে শুক্রবার আর্থিক সাহায্য এবং সংবর্ধনা দেওয়া হয় দুই সংগঠনের তরফ থেকে। গোপাল এবং অরুণের সহকর্মী ভাইরা এদিন ছোট্ট এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। গোলাপ ফুল, জামাকাপড়, ছাতা আর মিষ্টির সঙ্গে তাঁদের হাতে নগদ ১০-১২ হাজার টাকা তুলে দেওয়া হয়। এবার থেকে যাঁরা অবসর নেবেন তাঁদের সবাইকে এককালীন আর্থিক সাহায্য করবে এই দুই সংগঠন। পাশাপাশা সারা জীবনের জন্য তাঁদের যাবতীয় চিকিৎসার খরচও সংগঠন দুটি যৌথভাবে বহন করবে।
