বিদ্যাসাগরের নতুন মূর্তিতে সেজে উঠল তাঁরই স্মৃতিবিজড়িত কলেজ

এই মহান শিক্ষাবিদের দু’টি ব্রোঞ্জের মূর্তি থাকবে

লোকসভা নির্বাচন চলাকালীন কিছু দুষ্কৃতি বিদ্যাসাগর কলেজে তাণ্ডব করে ভেঙে দেয় সেখানকার ঐতিহ্যবাহী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিটি। আজ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেই মূর্তি আবার নতুন করে বসালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে বিদ্যাসাগরের দু’টি ব্রোঞ্জের মূর্তি স্থান পাবে এই মহান শিক্ষাবিদের স্মৃতিবিজড়িত কলেজে। 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৭২ সালে প্রতিষ্ঠা করেছিলেন মেট্রোপলিটন ইন্সটিটিউট। পরে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম হয় বিদ্যাসাগর কলেজ। গত লোকসভা নির্বাচনের সময়ে কিছু দুর্বৃত্ত সেই কলেজে ঢুকে সেখানকার ঐতিহ্যবাহী বিদ্যাসাগরের মূর্তিটি ভেঙে ফেলে। এই ঘটনাকে বাংলার সংস্কৃতির ওপর আঘাত হিসেবেই চিহ্নিত করেছেন সচেতন নাগরিকরা। বিদ্যাসাগরের উত্তরাধিকারকে যথাযত মর্যাদা দিতে সেই কলেজে আবার নতুন করে মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।

আজ দুপুরে হেয়ার স্কুলের মাঠে পশ্চিমবঙ্গ সরকার একটি অনুষ্ঠানের আয়োজন করে। হাজির ছিলেন বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক এবং সমাজের সম্মানীয় ব্যক্তিত্বরা। সেখান থেকে পদযাত্রা করে বিদ্যাসাগর কলেজে গিয়ে বিদ্যাসাগরের দুটি মূর্তি প্রতিস্থাপিত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। একটি মূর্তি গেটের সামনে, আরেকটি ভেতরে। মুখ্যমন্ত্রী প্রতীকী মূর্তি বসিয়ে উদ্বোধন করলেন, পরে কলেজে ব্রোঞ্জের তৈরি একটি আবক্ষ ও একটি পূর্ণাবয়ব মূর্তি বসানো হবে। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দল-মত নির্বিশেষে বাংলার সাধারণ মানুষ। 

Developed by DXDasia