অচ্ছে দিন কি আসছে? প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্কের সমীক্ষায়

মোদী-জমানা, ভবিষ্যৎ ভালো নয় ভাবছে বেশি মানুষ

নোট বাতিল থেকে ব্যাঙ্কিং ক্ষেত্র— নানা বদল এনেছে নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু দেশ সু-দিন-এর পথে এগোচ্ছে?

দেশের মানুষের জন্য চার বিপদের সঙ্কেত মিলল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমীক্ষায়। সেই রিপোর্ট বিজেপির কাছেও বড় চিন্তার কারণ হয়ে ওঠাই স্বাভাবিক। সম্প্রতি আরবিআই ‘কাস্টমার কনফিডেন্স সার্ভে’ রিপোর্ট প্রকাশ করেছে। বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই এবং নয়াদিল্লিতে সমীক্ষা চালায় কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেই সমীক্ষার রিপোর্ট বলছে, মোদী সরকারের উপরে সাধারণের অসন্তোষ বাড়ছে মূলত চারটি কারণে। দেশের আর্থিক হাল থেকে সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্ত বাড়ছে সাধারণ মানুষের। 

সমীক্ষা বলছে,  মোদী জমানায় আয় বেড়েছে এমন মানুষের সংখ্যা  ২০১৬ সালে ছিল ৩১.৩ শতাংশ। তাঁরা  বলেছিলেন আয় বাড়ছে। কিন্তু  ২০১৭-র সমীক্ষায় ২৭.৭ শতাংশ মানুষ বলে্ছেন আয় বেড়েছে। 

আয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন এমন মানুষের সংখ্যাও বেড়েছ। এক বছর আগে ২০১৬-র মার্চে ৫৪.৬ শতাংশ লোক আয় বাড়বে বলে আশাবাদী ছিলেন মোদী জমানায়। গত জুনে হওয়া সমীক্ষায় সেটা কমে হয়েছে ৪৮.৬।

দেশে কর্মসংস্থান নিয়ে ২০১৬-র মার্চে পরিস্থিতি বদলের আশা করেছিলেন ৩৪.৩ শতাংশ মানুষ। এ বারের সমীক্ষায় সেটা কমে ৩২.৬ শতাংশ হয়ে গিয়েছে।

চাকরি-বাকরির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন ১৮.১ শতাংশ মানুষ। সেটা ২০১৭ তে বেড়ে ২১.২ শতাংশ হয়েছে।

মোদী জমানায় দেশের আর্থিক স্থিতি শক্তিশালী হচ্ছে এমন ভাবনা কমছে। আগে আশাবাদী ছিলেন ৩৯.৯ শতাংশ। এখন সেটা কমে ৩৫.৬ শতাংশ।
মোদী ক্ষমতায় আসার পর জিনিসপত্রের দাম বেড়েছে এমন যাঁরা ভাবছেন, বেড়েছে তাঁদের সংখ্যাও। এক বছর আগে এমন ভাবতেন ৭৭.৩ শতাংশ মানুষ। এখন সেটা ৮৫.৮ শতাংশ।

Developed by DXDasia