মশাদের রুখতে পরিবেশ-বান্ধব ধূপ বানিয়ে নজির গড়লেন বর্ধমানের গবেষকরা

নোনা আতার পাতা থেকে তৈরি হয়েছে এই ভেষজ ধূপ

বাঙালি বিজ্ঞানীরা নোনা আতার পাতা থেকে তৈরি করলেন এমন মশার ধূপ, যেগুলোর ধোঁয়াতে মানুষের কোনো ক্ষতি হয়না। ভেষজ এই ধূপ সহজেই বানানো সম্ভব, এমনকি বাজারে বিক্রি করে বাণিজ্যিকভাবেও লাভবান হওয়া যায়।

নোনার আতার পাতা থেকে যে নির্যাস তৈরি হয়, সেটি জমা জলে ঢেলে দিলে সেখানে আর মশারা ডিম পারে না। ওই নির্যাস মশার লাভা এবং পিউপা মারতেও কাজে লাগে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক গৌতম চন্দ্রের নেতৃত্বে বর্ধমান মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সুব্রত মল্লিক সেই নোনা আতার পাতা দিয়ে সফলভাবে মশা মারার ধূপ তৈরি করেছেন। 

এই ভেষজ ধূপ তৈরি করতে হলে নোনা আতার পাতা গুঁড়ো করে তার সঙ্গে চারকোল পাউডার এবং কাঠের গুঁড়ো মেশাতে হবে। তাতে দিতে হবে বেল অথবা বেল গাছের আঠা। এইভাবে মন্ড তৈরি করে ছোটো ছোটো টুকরোয় কাটতে হবে। এবার শুকিয়ে নিলেই ধূপ হবে ব্যবহারের উপযোগী। মাঝারি আকারের একটি ঘরে এক টুকরো ধূপ জ্বালালেই মশার আক্রমণ থেকে মুক্তি পাওয়া যাবে। 
 

Developed by DXDasia