পথে পড়ে থাকা অসুস্থদের পাশে রেড ক্রস

গত দুই বছরে ৮০ জন অসুস্থকে রেড ক্রসের উদ্যোগে ভর্তি করা হয়েছে হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে

রাস্তার ধারে পরে থাকা অসুস্থ লোকজন বা বৃদ্ধবৃদ্ধাদের তুলে নিয়ে হাসপাতালে পৌঁছে দিচ্ছে ভারতীয় রেড ক্রস সোসাইটির শিলিগুড়ি শাখা। গত দুই বছরে এইরকম ৮০ জন অসুস্থকে রেড ক্রসের উদ্যোগে ভর্তি করা হয়েছে হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এর বাইরে একেবারে গরিব মানুষ যারা, তাঁরাও ফোন করলে তাঁদের বাড়ির অসুস্থদের বিনে পয়সায় হাসপাতালে ভর্তি করে দিচ্ছে রেড ক্রস। শিলিগুড়ির মহকুমা শাসক সিরাজ দানেশ্বর বলেন, অনেক বেসরকারি সংস্থা সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এগিয়ে আসছে। তারা পরপর রেড ক্রসকে সামাজিক কাজের জন্যই এ্যাম্বুলেন্স দান করছে। রেড ক্রসের এই এ্যাম্বুলেন্স পরিষেবা ২৪ ঘণ্টাই দেওয়া হচ্ছে। যোগাযোগের নম্বর, ০৩৫৩২৪৩৫২৯১, ৯৪৩৪৩৭৬৯৬০।

বৃহস্পতিবারই একটি বেসরকারি সংস্থা শিলিগুড়ি রেড ক্রস সোসাইটিকে এসি এ্যাম্বুলেন্স দান করে। শিলিগুড়ির মহকুমা শাসক সিরাজ দানেশ্বরের হাতে সেই এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার রুদ্রনাথ ভট্টাচার্য, মিত্র সম্মিলনীর সম্পাদক উদয় দুবে প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিনের এসি এ্যাম্বুলেন্সের পর শিলিগুড়ি রেড ক্রস সোসাইটিতে মোট এ্যাম্বুলেন্সের সংখ্যা দাঁড়াল পাঁচ। এমনিতে শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে যেতে রেড ক্রসের এ্যাম্বুলেন্স ভাড়া নেয় ২৫০ টাকা। শিলিগুড়ি থেকে কলকাতা, পাটনা, বেঙ্গালুরুতেও রোগী নিয়ে যায় রেড ক্রস। এই সময় শিলিগুড়ি জেলা হাসপাতালে ২টি, বাগডোগরাতে একটি এ্যাম্বুলেন্স কাজ করছে রেড ক্রসের। আর রেড ক্রস ভবনে দু’টি এম্বুলেন্স কাজ করছে। বাইরে রোগী ভাড়া নিয়ে গেলে কিলোমিটার হিসাবে ভাড়া নেওয়া হয়। তবে অন্য বেসরকারি এ্যাম্বুলেন্স থেকে তার ভাড়া অনেক কম। রেড ক্রস সোসাইটির সম্পাদক জানিয়েছেন, এখন তাঁরা এ্যাম্বুলেন্সের মাধ্যমে আর্ত মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও দেশের প্রতি ভালবাসা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন। শীঘ্রই তারা জুনিয়র রেড ক্রস সোসাইটিকে নিয়ে স্কুল ছাত্রছাত্রীদের সামিল করে প্রশিক্ষণ শিবির করবেন।

Developed by DXDasia