যাত্রা শুরু করল শহরের প্রথম রিসাইকেল স্টোর

ইকো পার্কের ৪ নম্বর গেটে চালু হল এক অভিনব বিপণি

অপ্রয়োজনীয় ফেলে দেওয়া জিনিসকে নতুন করে কাজে লাগিয়ে স্বনির্ভর হয়েছেন গ্রাম বাংলার বেশ কিছু মহিলা। তাঁদের হাতে বানানো নানা ধরনের জিনিসপত্র এবার থেকে পাওয়া যাবে নিউ টাউনের ইকো পার্কে। সেখানে প্লাস্টিক বর্জ্য কিংবা ফেলে দেওয়া কাগজপত্র থেকে বানানো ফুলদানি, মূর্তি, ব্যাগ ইত্যাদি তো রয়েছেই, তার সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে দেখা যাবে ফেলে দেওয়া পুরোনো কাগজের মন্ড দিয়ে শিল্পী কাকলী চট্টোপাধ্যায়ের বানানো ৮ ফুট লম্বা এক দুর্গামূর্তি। 

কোলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে গ্রাম বাংলার বহু মহিলা ফেলে দেওয়া দ্রব্য থেকে নতুন জিনিস বানিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁদের তৈরি জিনিস সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। তার ফলশ্রুতিতেই চালু হল শহরের প্রথম রিসাইকেল স্টোর। সোমবার বাদে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে দুপুর আড়াইটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ইকো পার্কের ৪নং গেটের কাছে এনকেডিএ-র কর্নারে পাওয়া যাবে পুনর্ব্যবহারের উপযোগী নানান জিনিসপত্র। 

Developed by DXDasia