
গত দেড় মাসে বারো লক্ষ কেজি দার্জিলিং চা উৎপাদন হয়েছে
শোনা গেছে প্রায় দশ বছর খরা দেখেছেন দার্জিলিং-এর মানুষ। এবার সেই খরা কাটিয়ে এবার রেকর্ড উৎপাদনের পথে এগোচ্ছে দার্জিলিং চা। চা বাগান কর্তৃপক্ষ মনে করছে, এখন পর্যন্ত দার্জিলিং চায়ের যেভাবে উৎপাদন হচ্ছে তা বজায় থাকলে অতীতের রেকর্ডকে ছাড়াবে। শুধু তাই নয়, উৎপাদন ভালো হলে চা শিল্প অনেকটাই উজ্জ্বীবিত হবে।
গত দেড় মাসে বারো লক্ষ কেজি (১.২ মিলিয়ন) দার্জিলিং চা (ফার্স্ট ফ্ল্যাশের) উৎপাদন হয়েছে। চা বিশেষজ্ঞদের মতে, দেড় দু’মাসের মধ্যে প্রায় ১২ লক্ষ কেজি চা উৎপাদন উল্লেখযোগ্য। এই ট্রেন্ড বজায় থাকলে এবার অতীতের রেকর্ড ছাড়াবে। আন্তর্জাতিক বাজারে ফার্স্ট ফ্ল্যাশের চায়ের কদর সবচেয়ে বেশি। যার দর ৭ থেকে ৮ হাজার টাকা কেজি ওঠে। এই চা আমেরিকা, জার্মান, জাপানে যায়। দার্জিলিং টি রিসার্চ অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, সাধারণত চায়ের উৎপাদন ভালো হতে গড়ে বছরে ২০০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টির প্রয়োজন। কিন্তু মার্চ মাসের শুরু থেকেই পাহাড়ে ভালো বৃষ্টি হয়েছে। এপ্রিলে ১০০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও চা উৎপাদনের অনুকুলে রয়েছে।
