বিশ্বকাপে রেকর্ড গড়ে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

সাকিবের শতরানে ৩২২ রানের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলা অনায়াসে

বিশ্বকাপে নজির গড়ল ১১ জন বঙ্গসন্তান! ৩২২ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হেলায় হারিয়ে দিল বাংলাদেশ। তাও ৫১টি বল বাকি থাকতেই। বিশ্বকাপের মঞ্চে এমন রেকর্ড আর নেই। ম্যাচের নায়ক সাকিব আল হাসান। মাত্র ৯৯ বলে ১২৪ রানে অপরাজিত থেকে যান তিনি। বল হাতেও নিয়েছেন ২টি উইকেট। চলতি বিশ্বকাপে দুটি শতরান হয়ে গেল সাকিবের। এখনো অবধি বিশ্বকাপের সর্বোচ্চ রানও তাঁরই ঝুলিতে। লিটন দাসও অপরাজিত থেকে যান ৯৪ রানে।

বেশ কিছুদিন ধরেই বিশ্ব ক্রিকেটের মঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করছে বাংলাদেশ। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং তারপরে চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালেও উঠেছিল তাঁরা। এবারে দক্ষিণ আফ্রিকার মতো দৈত্যদের পরাজিত হতে হয়েছে তাঁদের কাছে। তারপরে ওয়েস্ট ইন্ডিজ। ৩২২ রান তাড়া করে যে বাংলাদেশ জিততে পারবে, ভাবতে পারেননি অনেকেই। এতগুলো বল বাকি থাকতে জয় তো অবিশ্বাস্য…

মাঝখানে বিছোনো কাঁটাতার, তবু দুই বাংলার হৃদয়ে কোনো সীমারেখা নেই। এই জয়ের উল্লাস তাই এপারের বাঙালিদেরও। অভিনন্দন বাংলাদেশ। 
 

Developed by DXDasia