
কলকাতার চিকিৎসকদের তাক লাগিয়ে দেওয়া সাফল্য
জিভে ক্যানসার। ডাক্তারি পরিভাষায় বলা হয় ‘স্কোয়ামাস সেল কারসিনোমা’। যার ফলে অপারেশন করে বাদ দিতে হয়েছে জিভ। তাতে কী! এখন ক্যানসার-আক্রান্তদের জন্য কৃত্রিম জিভও বানাতে সক্ষম কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। গত দু’বছরে মোট ৭ জন রোগীর জন্য কৃত্রিম জিভ বানিয়ে দিয়েছে এই হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগ। পাশাপাশি বানানো হচ্ছে অপারেশনে বাদ যাওয়া মুখগহ্বরের অন্যান্য অঙ্গও। এর ফলে, অপারেশনের পরেও কথা বলতে পারছেন ক্যানসার-আক্রান্তরা। খেতেও সুবিধে হচ্ছে অনেকটাই।
এই কৃত্রিম জিভ তৈরি হচ্ছে রোগীরই কব্জির সামান্য ওপরের চামড়া কিংবা বাহুর চামড়া থেকে। ‘আর্মফ্ল্যাপ’ তৈরি করে, অপারেশনে বাদ যাওয়া জিভের জায়গায় তা প্রতিস্থাপন করা হচ্ছে। যদিও বিশ্বের কোথাওই এখনো কৃত্রিম স্বাদকোরক আবিষ্কার হয়নি। ফলে, জিভ ফিরে পেলেও স্বাদ থেকে বঞ্চিতই থাকছেন রোগীরা। অবশ্য, নতুন জিভে ফিরে পাওয়াই অনেক ক্যানসারে জিভ খোওয়ানো মানুষদের কাছে।
