সত্যজিতকে ফের বিশ্ব-দরবারে পৌঁছে দিতে একজোট রে সোসাইটি আর পেঙ্গুইন

সত্যজিতের নানা গল্পের অনুবাদ, ইংরেজি লেখা, সাক্ষাৎকার প্রকাশের পরিকল্পনা

ফেলুদা আর শঙ্কুর ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশ করেছিল পেঙ্গুইনই। বিশ্ববিখ্যাত এই প্রকাশনা সংস্থাই এবারে চুক্তিবদ্ধ হল রে সোসাইটির সঙ্গে। উদ্দেশ্য বিরাট—সত্যজিতের অসংখ্য গল্প, ইংরেজি লেখা, দুর্লভ সাক্ষাৎকারকে বিশ্বের পাঠকদের কাছে পৌঁছে দেওয়া।এখানেই শেষ নয়, আরো পরিকল্পনা রয়েছে। 

সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু ও ফেলুদার উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশ করেছিল পেঙ্গুইন। এবার  সেই বিখ্যাত পেঙ্গুইন র্যা ন্ডম হাউসই চুক্তিবদ্ধ হল রে সোসাইটি অর্থাৎ সোসাইটি ফর দ্য প্রিজারভেশন অফ সত্যজিৎ রে ফিল্মস-এর সঙ্গে। এই চুক্তির ফলে সত্যজিৎ রায়ের বহু গল্পর অনুবাদ, অপ্রকাশিত একাধিক ইংরেজি লেখা পৌঁছে যাবে বৃহত্তর পাঠককুলের কাছে। গোটা বিশ্বে আজো সত্যজিতের অনুরাগীরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। পেঙ্গুইন বই প্রকাশ করলে তাঁরা পড়তে পারবেন ইতিপূর্বে ইংরেজিতে কোথাও প্রকাশিত না হওয়া সত্যজিতের দুর্লভ সাক্ষাৎকারগুলিও।  

এছাড়াও সত্যজিৎ রায়ের তৈরি করা বিজ্ঞাপন, স্ক্র্যাপবুক, পোস্টার নিয়ে কবিটেবল বুক প্রকাশের পরিকল্পনাও রয়েছে দু’তরফেই। রে সোসাইটির জন্ম ১৯৯৩-তে। সত্যজিৎ রায়ের মৃত্যুর ঠিক একবছর পরেই। বর্তমানে এই সোসাইটির সদস্য-সচিব সত্যজিতেরই পুত্র সন্দীপ রায়। সত্যজিতের সৃষ্টিকে সংরক্ষণের জন্য বেশ কিছু পদক্ষেপই দীর্ঘদিন ধরে গ্রহণ করেছে এই সংস্থা। জন্ম দিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকাশনারও। পেঙ্গুইনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর এই সার্বিক বৃত্তটিই আরো সমৃদ্ধ হবে আশা সত্যজিত-অনুরাগীদের।

উল্লেখযোগ্য তথ্য, এই বছর থেকে বার্ষিক সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা আয়োজনে রে সোসাইটির পাশাপাশি যুক্ত হবে পেঙ্গুইনও।  
 

Developed by DXDasia