
জটিল অস্ত্রোপচারে অসাধ্যসাধন করলেন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা
মহিলা অন্তঃসত্ত্বা, কিন্তু জরায়ুতে কোনো সন্তান নেই। এরকমই বিরল ঘটনার সাক্ষী হয়ে রইল কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল।
প্রতিমা বাগ নামে এক তরুণী গত বৃহস্পতিবার পেটের যন্ত্রণা নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন। হুগলির চণ্ডীতলার বাসিন্দা এই মহিলার বয়স ২৫-এর মতো। নানা ধরনের পরীক্ষা, আলট্রাসোনোগ্রাফি ইত্যাদি করেও পেট ব্যথার কারণ প্রথমে জানা যায়নি। তারপর ইউরিন প্রেগনেন্সি টেস্ট করে জানা যায় যে সেই মহিলা অন্তঃসত্ত্বা। কিন্তু আশ্চর্য, গর্ভস্থ সন্তানের কোনো হদিস নেই। শেষ পর্যন্ত থ্রিডি স্ক্যান করার সিদ্ধান্ত নিলেন গাইয়নেকোলজি বিভাগের চিকিৎসকরা। তাতেই ধরা পড়ল, পাকস্থলী, অন্ত্র, খাদ্যনালী এবং যকৃতের মাঝখানে বেড়ে উঠছে শিশু। দেখে তো ডাক্তারদের চোখ কপালে উঠল। তাঁরা বলছেন, বিরলের মধ্যে বিরলতম। ডাক্তারি পরিভাষায় এর নাম ‘অ্যাবডোমিনাল প্রেগনেন্সি’।
গর্ভস্থ এই সন্তান তার খাবার সংগ্রহ করছিল মায়ের খাদ্যনালী, যকৃত আর পাকস্থলীর দেওয়াল থেকে। এরকম চলতে থাকলে খুব শিগগিরই মৃত্য হল ওই মহিলার। তাই মাকে বাঁচাতে গেলে অস্ত্রোপচার করে গর্ভস্থকে বাদ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না চিকিৎসকদের। শনিবার প্রতিমার অস্ত্রোপচার হল। সন্তানকে বাঁচানো না গেলেও সুস্থ আছেন মা।
