পূর্ণিমার আকাশে আজ বিরল ‘হারভেস্ট মুন’, আকৃতিতে সে ডিম্বাকার

দীর্ঘ ১৩ বছর পর এমন বিরল চাঁদের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী

চাঁদ, এমন একটি উপগ্রহ, যাকে ঘিরে বাঙালির হাজারো রোমান্স। আজ পূর্ণিমার চাঁদ তার একগাল হাসি ছড়িয়ে জ্বলজ্বল করবে আকাশে। তবে এই চাঁদ আকারে একটু অন্যরকম। একটু ছোটো, একটু ডিম্বাকার। থাকবে প্রবল উজ্জ্বল। জ্যোৎস্নার আলো ছিটকে এসে পড়বে সারা বিশ্বে। এমন মাহেন্দ্রক্ষণ কিন্তু বিরল। আজ, ১৩ সেপ্টেম্বর এমনই এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। দীর্ঘ ১৩ বছর পর। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন ‘হারভেস্ট মুন’। আকারে ১৪ শতাংশ ছোটো এবং ৩০ শতাংশ বেশি ডিম্বাকার। খালি চোখে ফারাকটা না ধরতে পারলেও, টেলিস্কোপে সুন্দর বোঝা যাবে। 

সাধারণত সেপ্টেম্বরেই পৃথিবী ও চাঁদের পারস্পরিক ঘূর্ণনের তারতম্যে এই দূরত্ব তৈরি হয়। তবে এমন বিরল দৃশ্য শেষ দেখা গিয়েছিল ২০০৬ সালে। ওয়াশিংটনের আকাশে শুক্রবার সন্ধে সাড়ে ৭টা থেকেই হারভেস্ট মুন দেখা যাবে। ভারতীয় সময়ের হিসেবে শুক্রবার রাত ১২টা ৩২ মিনিট নাগাদ চাঁদ উঠবে আকাশে। রাত থেকেই হারভেস্ট মুন দেখতে পাবেন বিশ্ববাসী। 

ফের এমন চাঁদ দেখতে হলে অপেক্ষা করতে হবে ২০৩৭ সাল অবধি।

Developed by DXDasia