
দেবভাষার উদ্যোগে, ২৭ ও ২৮ মে কলকাতায় অনুষ্ঠিত হল এই উৎসব
২৫ মে শিল্পী রামকিঙ্কর বেইজের জন্মদিন। গত ২৭ ও ২৮ মে কলকাতায় দেবভাষা-র বই ও শিল্পের আবাসে অনুষ্ঠিত হল ‘রামকিঙ্কর উৎসব ২০১৭’। রামকিঙ্করের জন্মদিন উপলক্ষে এমন উৎসব বাংলায় এই প্রথম। অনুষ্ঠানে প্রদর্শিত হয় রামকিঙ্করের চারটি চিত্র এবং নিমাই ঘোষের তোলা রামকিঙ্করের একটি দুর্লভ ছবি।
রামকিঙ্করকে নিয়ে লেখা আর. শিবকুমারের পুস্তিকা ও রামকিঙ্করের ড্রয়িং নিয়ে একটি অ্যালবামও প্রকাশিত হয় দেবভাষার উদ্যোগে। ছিল ছবি-আঁকা টিশার্ট ও কফিমগও। পরমা ঘটকের গানের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শনিবার শিল্পী গণেশ হালুই, অরুণ পাল, জনক ঝঙ্কার নার্জারি স্মৃতিচারণের মাধ্যমে তুলে আনেন রামকিঙ্করের জীবন ও শিল্পের অনেক জানা-অজানা তথ্য। রবিবার সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুশোভন অধিকারী, সঞ্জয় মুখোপাধ্যায় ও সুতনু চট্টোপাধ্যায়ের আলাপ ও আড্ডাতেও ছিল একই বিষয়ের ছোঁয়া।
বর্ষীয়ান শিল্পী ও রামকিঙ্কর বেইজের ছাত্র অরুণ পাল জানান, কলকাতায় রামকিঙ্করকে নিয়ে এমন একটি উদ্যোগে তিনি অত্যন্ত আনন্দিত ও মুগ্ধ। দেবভাষা-র পক্ষ থেকে দেবজ্যোতি মুখোপাধ্যায়–এর মতে, রামকিঙ্কর-কে নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া এই উৎসবের অন্যতম উদ্দেশ্য।
