
অসংখ্য কালজয়ী বিজ্ঞাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর নাম
প্রয়াত হলেন বিজ্ঞাপন জগতের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব রাম রে। অর্ধ শতক জুড়ে বিজ্ঞাপন জগতের বিশিষ্ট নাম মানেই রাম রে। অসংখ্য কালজয়ী বিজ্ঞাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর নাম। ১৯৮৪ সালে নিজের বিজ্ঞাপন সংস্থা হিসাবে শুরু করেন রেসপন্স গ্রুপ। এই রেসপন্সের কাছেই একসময় পরপর এসেছে ফ্রুটি, বোরোলিন, মার্গো সাবান, কুকমি, মাদার ডেয়ারি, ডাবর-এর মতো এক একটি তাক লাগানো বিজ্ঞাপন। তাঁর নিজস্ব ট্যাগলাইনে বুঁদ থেকেছে সারা দেশ। প্রোডাক্টের বিক্রিও বেড়েছিল নজরকাড়া।
একসময় ঋতুপর্ণ ঘোষ তাঁর কাছেই গিয়েছিলেন বিজ্ঞাপনের কাজ শিখতে। প্রায় দশ বছর এই কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন ঋতুপর্ণ। রাম রে এবং ঋতুপর্ণ ঘোষের যুগলবন্দি সে সময় ছিল দেখার মতো। বহু নতুন প্রজন্মকেও তৈরি করে গিয়েছেন রাম রে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিজ্ঞাপন দুনিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
