
৮ জুন রাজ্যসভার ভোট, কি হতে চলেছে এবারের ভোটে?
আগামী ৮ জুন রাজ্যসভার ভোট। এ-রাজ্য থেকে খালি হচ্ছে মোট ছ’টি আসন। এই আসনের প্রার্থীরা হলেন – তৃণমূলের দোলা সেন, সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ ব্রায়ান, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ও সিপিএমের সীতারাম ইয়েচুরি। আগামী ৮ আগস্ট এঁদের ছ’বছর পূর্ণ হবে। এছাড়াও গোয়ায় একটি এবং গুজরাটের তিনটি আসনে নির্বাচন হবে। গুজরাটে খালি হচ্ছে স্মৃতি ইরানি ও আহমেদ পটেলের আসন। পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সিপিএমের দুটি আসন তারা এবার রক্ষা করতে পারবে না বিধায়কের সংখ্যা কম থাকায়। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের একটি আসন বাড়বে। সিপিএম-কংগ্রেস দুই দল মিলে দলের বাইরের বিশিষ্ট কাউকে দাঁড় করাতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। অসুস্থতার কারণে তৃণমূলের দেবব্রত বন্দ্যোপাধ্যায় বাদে বাকি প্রত্যেকেরই পুনর্নির্বাচনের সম্ভাবনা রয়েছে। সিপিএমের শীর্ষ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করেছিল, ২০১৬ সালে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধা একটি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। তারপরেও অবশ্য পূজালি পুরসভায় দেখা গেল দু’দলের বোঝাপড়া অটুট। ফলে মনে করা হচ্ছে, উভয় দলের পছন্দের কোনও প্রার্থীকে তারা রাজ্যসভায় জোট বেঁধেই পাঠাবে।
