অতিরিক্ত করের বিরোধিতায় রজনীকান্ত

তামিলনাড়ু সরকারকে বিবেচনার আর্জি সুপারস্টারের

একে ২৮% জিএসটি, তার ওপর আবার ৩০% স্থানীয় প্রমোদ কর।পুরসভার এই অতিরিক্ত করের বিরুদ্ধে ধর্মঘট চলছে তামিলনাড়ুর সিনেমা হলগুলিতে। আর ধর্মঘটের তৃতীয় দিনেই মুখ খুললেন সুপারস্টার রজনীকান্ত। ট্যুইটারের বার্তায় স্থানীয় প্রমোদ কর নিয়ে তামিলনাড়ু সরকারকে পুনর্বিবেচনার আর্জি জানালেন তিনি।

ট্যুইটারে রজনীকান্ত লিখেছেন, ‘লক্ষ লক্ষ লোকের রোজগার ও বেঁচে থাকা নির্ভর করে আছে তামিলনাড়ু ফিল্ম ইন্ডাস্ট্রির ওপর। এই কথা মাথায় রেখেই তামিলনাড়ু সরকারকে আমার একান্ত অনুরোধ বিষয়টি তারা যেন গুরুত্ব দিয়ে ভাবেন’। চিকিৎসার জন্য বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন রজনী।

জিএসটি ছাড়াও অতিরিক্ত পুরসভার কর আরোপের বিরুদ্ধে তামিলনাড়ুর সিনেমা হলগুলিতে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডেকেছেন হল মালিকরা। তবে এই ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি। স্টারেরা কেউই প্রায় মুখ খুলছেন না। আরেক কিংবদন্তি অভিনেতা এবং পরিচালক কামাল হাসান অবশ্য আগেই এই অতিরিক্ত কর আরোপের বিরোধিতা করেছেন।

Developed by DXDasia