বড়দিনের কেক এবার রামধনু সাজে

চলতি ক্রিসমাসে ললিত গ্রেট ইস্টার্ন হোটেলের চমক

কেকের মধ্যে সাতটা স্তর। সূর্যের সাতটা রং তাতে রয়েছে। সঙ্গে উপরি পাওনা মিষ্টি একটা গন্ধ। এই ক্রিসমাসে ললিত গ্রেট ইস্টার্ন হোটেল এরকমই একটি উপহার নিয়ে আসছে কেকপ্রেমীদের জন্য। এই হোটেলের ম্যাসকট এলফি। আদতে যা একটি রামধনু রং-এর হাতি। হোটেল কর্তৃপক্ষ এই সাতরং-এর মধ্যে খুঁজে পান সমন্বয়ের বার্তা। সেই বার্তা তাঁরা ছড়িয়ে দিতে চান ক্রেতাদের মধ্যেও। সেখান থেকেই রামধনু কেকের ভাবনা। 

প্রত্যেক বছর জুলাই-আগস্ট থেকেই ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে শুরু হয়ে যায় বড়োদিনের জন্য কেকের প্রস্তুতি। বিভিন্ন রকমের কেক তৈরি করে চেখে বুঝতে হয় কোন উপাদান কোন পরিমাণে রয়েছে। বেশ কয়েকবার পরীক্ষা-নিরীক্ষার পর রেসিপি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। মানুষকে নতুন ধরনের খাবার খাইয়েই হোটেলের কর্মচারীরা আনন্দ পান। এভাবেই তাঁরা বছরের পর বছর ধরে হোটেলের বেকারির সুনাম বজায় রেখে চলেছেন। এই কাজের মধ্যে যেমন চ্যালেঞ্জ রয়েছে, তেমনি আছে তৃপ্তিও। এই হোটেলের ফ্রুট কেক আর প্লাম কেকও মন জয় করেছে মানুষের। প্রত্যেক ক্রিসমাসেই ললিত গ্রেট ইস্টার্ন হোটেলের বেকারি হাউজের সামনে পড়ে কেকপ্রেমীদের বিশাল লাইন। রামধনু কেকও খাদ্যরসিকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে ইতিমধ্যেই। 

দুশো বছর ছুঁই-ছুঁই এই হোটেল এবার আরও ১৮ রকমের কেক এবং কুকি বাজারে আনছে। নতুন আইটেমগুলোর মধ্যে রয়েছে ইউল লগ, চকলেট সান্টা, অরেঞ্জ মার্মালেড, রেনবো কেক, জিঞ্জার ব্রেড, গুয়ি বাটার কুকি, চকলেট কুকির মতো লোভনীয় কিছু নাম।

Developed by DXDasia