
উদাহরণ হিসেবে রাহুল তুলে এনেছেন অখিলেশ যাদব, স্ট্যালিন, অভিষেক বচ্চনের কথা
পরিবারতন্ত্র নিয়ে প্রায়ই তাঁকে বিদ্ধ করেন বিরোধীরা। এবার সেই বিরোধীদের জবাব দিলেন তিনি। মেনে নিলেন পরিবারতন্ত্রের কথা। রাহুল গান্ধী। বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন – ‘পরিবারতন্ত্র কোথায় নেই! বেছে বেছে আমাকে নিশানা করা বন্ধ করুন।’ পরিবারতন্ত্রের উদাহরণ হিসেবে রাহুল তুলে এনেছেন অখিলেশ যাদব, স্ট্যালিন, অভিষেক বচ্চনের কথা।
‘ইন্ডিয়া অ্যাট ৭০’ – স্বাধীন ভারতের ৭০ বছরের অবস্থা নিয়ে কথা বলতে উঠে রাহুল রাজনীতির চেনা গণ্ডির বাইরে গিয়ে বিধ্বংসী হয়ে ওঠেন। তাঁর কথায়, কে কোন পরিবার থেকে এসেছে সেটা বিষয় নয়, সে সেই কাজের যোগ্য কিনা – সেটাই আসল প্রশ্ন।
রাহুলের এই অকপট স্বীকারোক্তির জন্য অনেকেই প্রশংসা করেছেন তাঁর। নেহেরু-ইন্দিরা-রাজীবের উত্তরাধিকারী রাহুলকে অবশ্য সমালোচনায় বিদ্ধ করতে ছাড়েনি বিজেপি। অমিত শাহ বলেন, ‘দেশে তো কেউ ওঁর কথা শোনেন না। সে জন্যই বিদেশে গিয়ে এ সব কথা বলছেন কংগ্রেসের সহ সভাপতি।’
