
দুর্নীতি তদন্তে জেরা নওয়াজ কন্যাকে
পানামা পেপারস কেলেঙ্কারির জেরে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নেওয়াজ পাকিস্তানের সুপ্রিম কোর্টের গঠিত তদন্ত দলের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন। বুধবার তিনি ইসলামাবাদে উচ্চ ক্ষমতাসম্পন্ন ছয় সদস্যের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে জুডিশিয়াল একাডেমিতে পৌঁছেন। বুধবার সকালে পাক প্রধানমন্ত্রীর কন্যা মরিয়াম নেওয়াজ যখন ইসলামাবাদে পৌঁছান তখন জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরিয়াম নেওয়াজের পক্ষে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে দিতে থাকেন। এই প্রথম জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী কন্যা মরিয়াম নেওয়াজ। এর আগে তার দুই ভাই হুসাইন ও হাসান নেওয়াজ বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। পানামা পেপারস কেলেঙ্কারির অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে অপসারণের মতো পর্যাপ্ত তথ্য নেই বলে গত ২০ এপ্রিল জানিয়ে দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দুর্নীতির অভিযোগ তদন্তে যৌথ তদন্ত দল গঠনেরও নির্দেশ দেয়া হয়।
