
বিশ্বরেকর্ডধারী অক্ষয় ভগতকে নিয়ে আবেগে উত্তাল স্থানীয়রা
সারা ভারত ঘুরে, গিনেস বুকে নাম তুলে অবশেষে ঘরে ফিরল ঘরের ছেলে। অক্ষয় ভগত। বাল্যবিবাহ রোধ করার শপথ নিয়ে গত বছর সে পাড়ি জমিয়েছিল সাইকেল নিয়ে। প্রায় ৪০০ দিন ধরে ২৯টি রাজ্যের ৩০ হাজার কিলোমিটার অতিক্রম করে বাড়ি ফিরেছে সে। পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চল সুইসার বুরদা গ্রামের ছেলে অক্ষয়। নিজের দুই দিদি সহ গ্রামের একাধিক নাবালিকার বিয়ে সে দেখেছিল ছেলেবেলাতেই। তখন তাঁর প্রতিবাদ কানে তোলেনি কেউই। শপথটা ঘন হয়েছিল এরপরই। কাগজ ও দুধবিক্রেতা দরিদ্র বাবার সন্তান অক্ষয় এরপর একদিন বেরিয়ে পড়ল বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচার করতে। সঙ্গী বলতে সাইকেল। এরপর, দেশের আনাচ-কানাচ চষে বেড়িয়েছে অক্ষয়। পোঁছে দিয়েছে বাল্যবিবাহ রোধের বার্তা।
এরই মধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ডস-এও নাম উঠেছে তাঁর। প্রজাতন্ত্র দিবসের দিন কর্ণাটকে ৪ কিমি দীর্ঘ পথ জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন অসংখ্য সাইকেল প্রতিযোগী। এই দলে ছিলেন অক্ষয়ও। এত দীর্ঘ সাইকেলের সারি এর আগে দেখেনি বিশ্ব। তবে, বিশ্বরেকর্ড গৌণ, অক্ষয়ের আসল উদ্দেশ্য বাল্যবিবাহ রোধের প্রচারই। ঘরে ফিরেও তাই প্রচার থামেনি তাঁর। এবার নিজের রাজ্যেও শুরু হবে প্রচার।
অক্ষয়ের ঘরে ফেরাকে ঘিরে উৎসাহে ও আবেগে উদ্বেল হয়েছে পুরুলিয়া। একাধিক জায়গায় সংবর্ধনা দেওয়া হয়েছে তাঁকে। সংবর্ধনা দেওয়া হয়েছে তাঁর সঙ্গে কথা বলা, ছবি তোলারও হিরিক পড়ে যায়। তাঁকে বরণ করে নেওয়া হয় টেঁসফুল ও পলাশটাকার মালায়। অক্ষয়ের বন্ধু তরুণ মাহাতো, উজ্জ্বল মাহাতোরা বলছিলেন, অক্ষয় তাদের গর্ব। তাই অক্ষয়ের মুখ থেকেই তাঁর অভিজ্ঞতার কথা শুনতেও উদগ্রীব সবাই। ঘরের ছেলেকে নিয়ে গর্বের শেষ নেই আজ পুরুলিয়ার।
ছবিসূত্র: ফেসবুক
