
কেবিসি-র একাদশ সিজনের তৃতীয় কোটিপতি তিনি
অমিতাভ বচ্চনের জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতির একাদশ সিজন চলছে। এই মরশুমের তৃতীয় কোটিপতি হলেন পুরুলিয়ার রেলশহর আদ্রার এক রেলকর্মী। স্ত্রীর ইচ্ছে এবং প্রেরণাতেই সব দ্বিধা কাটিয়ে কেবিসি-তে অংশগ্রহণ করেছিলেন তিনি।
আদ্রার এই সিনিয়ার সেকশন ইঞ্জিনিয়ারের নাম গৌতমকুমার ঝা। অল্প বয়স থেকেই তিনি সাধারণ জ্ঞানের যে কোনো দুরূহ প্রশ্নের উত্তর দিয়ে দেন অনায়াসে। তাঁর স্ত্রী শ্বেতা কেবিসির ভক্ত তো বটেই, বিগ-বি’রও ফ্যান। স্ত্রীর চাপেই কেবিসিতে নাম নথিভুক্ত করান গৌতম। তারপর একের পর এক স্তর পেরিয়ে জিতে নেন এক কোটি টাকা।
কেবিসি-র আরো বড়ো পুরস্কার সাত কোটি টাকা জিততে পারেননি বলে দুঃখ পাননি গৌতম। এত দিনের কঠোর অধ্যাবসায়ের ফলে যে পুরস্কার তিনি পেয়েছেন, তাতেই খুশি তিনি। তাঁর স্ত্রীও উচ্ছ্বসিত। সেই পুরস্কারের একটা বড়ো অংশ গৌতম দুঃস্থ পড়ুয়াদের লেখাপড়ার জন্য ব্যয় করতে চান।
