করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তহবিলে ১০ লক্ষ টাকা দান করল গিল্ড

এই কঠিন সময়ে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড রাজ্য সরকারের পাশে দাঁড়াল

করোনা মহামারির বিরুদ্ধে লড়াই চলছে সর্বত্র। প্রতিরোধ আরও জোরদার করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত হয়েছে আপৎকালীন ত্রাণ তহবিল। প্রতিদিনই সেখানে অনুদান জমা পড়ছে। এবার সেই তহবিলে বিপুল অঙ্কের টাকা দান করল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।

কঠিন এই সময়ে গিল্ড সদস্যরা রাজ্য সরকারের পাশে দাঁড়ালেন। শনিবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তাঁরা জানান, রাজ্যের আপৎকালীন তহবিলে ১০ লক্ষ টাকা দান করেছে গিল্ড। মুখ্যমন্ত্রীই এখন রাজ্যবাসীর প্রেরণা এবং ভরসা। করোনা মোকাবিলায় রাজ্যের লড়াইয়ে তিনিই নেতৃত্ব দিন, রোগের থাবা যেন তাঁকে গ্রাস করতে না পারে, গিল্ড এমনই কামনা করে। তাঁদের আশা, সমস্ত নিয়ম ও বিধি-নিষেধ পালন করে আমরা দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব।
 

Developed by DXDasia