কেন্দ্রীয় মন্ত্রিসভায় গরুমন্ত্রীর পদ সৃষ্টি নিয়ে ভাবনা চিন্তা

প্রস্তাবিত কেন্দ্রীয় গোমন্ত্রকের অধীনে যাবে দেশের সব গরু?

সম্প্রতি উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে একটি সাংবাদিক সম্মেলনে বিজেপির সভাপতি অমিত শাহ জানিয়েছেন গরুর জন্য আলাদা মন্ত্রণালয়ের ভাবনা চিন্তা চলছে। অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল, "সাধু সন্তদের একটা দীর্ঘদিনের দাবি ছিল পৃথক গো-মন্ত্রণালয়ের। বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, এ নিয়ে কি কোনও ভাবনা-চিন্তা হচ্ছে?" জবাবে অমিত শাহ বলেন, "অনেক পরামর্শ এবং দরখাস্ত এসেছে। এ নিয়ে ভাবনা চিন্তা চলছে"। বিজেপি সভাপতি যখন এই কথা বলেন সেসময় তার পাশেই ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বহু দিন ধরই গো-রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের আলাদা মন্ত্রণালয় তৈরির দাবি জানিয়ে আসছেন। ভারতের এখন শুধু একটি রাজ্যে গরুদের জন্য আলাদা মন্ত্রণালয় আর দপ্তর রয়েছে। রাজস্থানের বিজেপি শাসিত সরকারের অধীনে গো-পালন মন্ত্রী, এবং একজন রাষ্ট্রমন্ত্রী এবং একটি ডিরেকটরেট রয়েছে। দুই মন্ত্রী ছাড়াও সেখানে সব মিলিয়ে ২৩ জন কাজ করেন। এ ছাড়া কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে আইন করে গো-রক্ষা কমিশন তৈরি হয়েছে। তারা গো-পালন, গরু পাচার রোধ প্রভৃতি কাজ দেখাশোনা করে থাকে। হরিয়ানাতে আবার গো-রক্ষার জন্য পুলিশের একটি বিশেষ বাহিনীও রয়েছে।

Developed by DXDasia