কোলি পরিবারের জামাই রাষ্ট্রপতি, খুশির হাওয়া বর্ধমানে

বর্ধমানের বি সি রোডের বড়বাজারের কোলি পরিবারের জামাই দেশের নতুন রাষ্ট্রপতি

দেশের চতুর্দশ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন রামনাথ কোবিন্দ। এই খুশির খবর টিভিতে দেখেই বর্ধমান শহরের বাসিন্দা তাঁর আত্মীয়দের মধ্যে খুশির বন্যা বয়ে গেল। মঙ্গলবার বর্ধমানের বি সি রোডের বড়বাজারের কোলি পরিবারের জামাই যে দেশের নতুন রাষ্ট্রপতি হলেন সে খবর ছড়িয়ে যায় গোটা শহরে। কৌতূহলী মানুষের ভিড় জমতে থাকে বর্ধমানের কোলি পরিবারের বাড়িতে। বর্ধমানের জামাই রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি হয়েছেন, এই খবর জানতে পেরে অনেকেই অভিনন্দন জানাতে আসেন সেখানে। এই কোলি পরিবারের আদি বাড়ি দিল্লিতে। সেখানেই তাঁর ননদ সবিতা কোলির সঙ্গে বিয়ে হয়েছে চতুর্দশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।

সবিতাদেবীরা তিন ভাই পাঁচ বোন। তাঁর দাদা ওমপ্রকাশ কোলি ব্যবসা সূত্রে তিন দশক আগে বর্ধমানে চলে আসেন। তার পর থেকেই ওঁরা বর্ধমানের বাসিন্দা। বাড়িতে থাকেন প্রয়াত ওমপ্রকাশ কোলির স্ত্রী গঙ্গা কোলি ও তাঁর দুই ছেলে বরুণ ও অরুণ কোলি। রামনাথ কোবিন্দ অতীতে তাঁর শ্যালকের সঙ্গে দেখা করতে বর্ধমানে একাধিকবার এসেছিলেন। নিয়মিত তাঁদের পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগও রাখেন রামনাথ । এদিনও একাধিকবার এই বাড়ি থেকে ফোন গিয়েছে নতুন রাষ্ট্রপতির কাছে। তাঁর শ্যালকের স্ত্রী গঙ্গা কোলি জানান, আজ তাঁদের খুব খুশির দিন। তাঁদের পরিবারের জামাই দেশের সর্বোচ্চ আসনে বসেছেন।

Developed by DXDasia