আজই ভারতরত্ন সম্মানে ভূষিত হবেন প্রণব মুখোপাধ্যায়

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে ভারতরত্ন তুলে দেবেন

ভারতরত্নের তালিকায় আজ যুক্ত হতে চলেছে আরেক বাঙালির নাম। আজ দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হবেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি এই সম্মান লাভ করলে বাঙালির গৌরবের মুকুটে যোগ হবে নয়া পালক। 

প্রজাতন্ত্র দিবসের আগে রাষ্ট্রপতি ভবন থেকে প্রণব মুখোপাধ্যায়-সহ ৩ জনকে ভারতরত্ন দেওয়ার কথা  ঘোষণা করা হয়েছিল। সংগীতশিল্পী ভূপেন হাজারিকা এবং সমাজকর্মী নানাজি দেশমুখ মরনোত্তর ভারতরত্ন পেতে চলেছেন আজ। এর আগে বাঙালিদের মধ্যে বিধানচন্দ্র রায়, সত্যজিৎ রায়, অরুণা আসফ আলি, অমর্ত্য সেন এবং রবিশঙ্কর এই বিরল সম্মান লাভ করেছিলেন।

বীরভূমের কীর্ণাহারে জন্ম হয়েছিল প্রণব মুখোপাধ্যায়ের। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সঙ্গে তিনি কাজ করেছেন। ইউপিএ আমলে সামলেছেন অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব। তিনিই ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। 
 

Developed by DXDasia