বিশ্বের অন্যতম সেরা অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়

আজ প্রণব মুখোপাধ্যায়ের ৮৫তম জন্মবার্ষিকী

স্বাধীনতার পর সর্বভারতীয় রাজনীতিতে নিঃসন্দেহে সফলতম বাঙালি প্রণব মুখোপাধ্যায়। তাঁকে বলা হত ‘এ ম্যান ফর অল সেশনস’। কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব যখন পালন করতেন, সব মন্ত্রকেই ছিল তাঁর অবাধ আনাগোনা। তাঁকে না জানিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হত না। রাষ্ট্রপতির পদটিকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। 

বীরভূম জেলার এক স্বাধীনতা সংগ্রামী পরিবারে প্রণব মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল। জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন বাবা কামদাকিঙ্কর। প্রণবের কর্মজীবন শুরু হয় কলেজে শিক্ষকতার মাধ্যমে। কিছুদিন সাংবাদিকতার কাজও করেছেন। ভিকে কৃষ্ণ মেননের পক্ষে ভোটের প্রচার করার সময়ে ইন্দিরা গান্ধির নজরে পড়েন। ১৯৬৯ সালে বাংলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সদস্য হন। ১৯৭২ সালে যোগ দেন জাতীয় কংগ্রেসে। আরও বেশ কয়েকবার নির্বাচিত হয়েছেন রাজ্যসভায়। শিল্পোন্নয়ন উপমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধির ক্যাবিনেটে যাত্রা শুরু হয় তাঁর। অচিরেই হয়ে ওঠেন ইন্দিরার সবথেকে বিশ্বস্ত সহকর্মীদের একজন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে তিনি মনমোহন সিংকে নিয়োগ করেন রিজার্ভ ব্যাংকের গভর্নরের পদে। ১৯৮৪ সালে ইংল্যান্ডের ইউরো মানি পত্রিকা তাঁকে বিশ্বের অন্যতম সেরা অর্থমন্ত্রী বলে অভিহিত করে। যদিও, ইন্দিরা গান্ধির মৃত্যু হলে প্রণবের কেরিয়ারে বড়ো আঘাত নেমে এসেছিল। রাজীব গান্ধি তাঁকে মন্ত্রীসভায় স্থান দেননি। কংগ্রেস থেকে বেরিয়ে প্রণব তৈরি করেন রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস নামের পার্টি। তবে নতুন রাজনৈতিক দল খুব একটা সুবিধে করতে পারেনি নির্বাচনে। শেষ পর্যন্ত রাজীবের সঙ্গে মিটমাট হয় এবং প্রণব ফিরে যান জাতীয় কংগ্রেসে। 

পিভি নরসিমা রাও প্রধানমন্ত্রী হলে প্রণবকে তিনি পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের পদে নিয়োগ করেন।  ১৯৯৫ সালে রাওয়ের মন্ত্রীসভায় যোগ দেন বিদেশমন্ত্রী হিসেবে। সোনিয়া গান্ধিকে গুরুত্বপূর্ণ রাজনীতিক হিসেবে তিনিই প্রতিষ্ঠা করেন।  ২০০৪ সালে প্রথমবার নির্বাচিত লোকসভায়। মনমোহন সিংয়ের ক্যাবিনেটে প্রণব ছিলেন কার্যত দ্বিতীয় ব্যক্তি। প্রতিরক্ষা, বিদেশ, অর্থের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির ভূমিকায় জিতে নিয়েছেন দেশবাসীর মন। প্রতিবেশী রাষ্ট্র থেকে ২০১৩ সালে পেয়েছেন ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’। ২০১৯ সালে ভূষিত হন ভারতরত্ন উপাধিতে। 

এবছর আগস্ট মাসে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে সমাপ্ত হল জাতীয় রাজনীতির এক ঐতিহাসিক অধ্যায়।

তথ্যসূত্র – বিজনেস টুডে 
 

Developed by DXDasia