ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে

সাময়িক স্বস্তি মিলতে পারে কালবৈশাখীতে

কলকাতা এবং উপকূল সংলগ্ন ও কাছাকাছি এলাকা জুড়ে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে বেশি। বৃষ্টির জন্য হা-পিত্যেশ করে বসে রয়েছে গোটা দক্ষিণবঙ্গ। এরই মধ্যে স্বস্তির আশা জাগিয়ে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝড়বাদলার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢুকছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এর ফলে বাড়ছিল অস্বস্তিকর ভ্যাপসা গরম। কিন্তু কোনও নিম্নচাপ, ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা না থাকার জন্য জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে ঝড়-বৃষ্টি হচ্ছিল না। তবে সম্প্রতি অবস্থার পরিবর্তন ঘটতে চলেছে। পূর্ব বিহারের ওপর তৈরি হয়েছে একটা ঘূর্ণাবর্ত। সেটি আরও উপরে উঠে দক্ষিণবঙ্গ সংলগ্ন ঝাড়খন্ডে চলে আসবে মনে করছেন আবহাওয়াবিদরা। তাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ, ভ্যাপসা গরম থাকলেও আজ থেকে ঝড়-বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। দুপুর, বিকেল বা সন্ধের দিকে কালবৈশাখীর দেখাও পাওয়া যেতে পারে। সাময়িক স্বস্তি মিলবে তাতে। 

Developed by DXDasia