
নজির গড়ল যুব তীর্থ ক্লাব
স্থানীয় ক্লাব পুকুর ভরাট করে দিয়েছে, এরকম অভিযোগ শোনা যায় প্রায়ই। কিন্তু কালীপুজোর চাঁদা বাঁচিয়ে পুকুরের জঞ্জাল আগাছা সাফ করতে পাড়ার ক্লাব এগিয়ে এসেছে, এরকম ঘটনা বিরল। সেরকমই অনন্য নজির গড়ে তাক লাগিয়ে দিল ঢাকুরিয়ার যুব তীর্থ ক্লাব।
ঢাকুরিয়ার একটা পুরোনো অঞ্চল শহিদ নগর কলোনি। সেখানে ১১ কাঠা জমির একটি পুকুর রয়েছে। আগাছা, জঞ্জাল আর প্লাস্টিক জমে পুকুরটির অবস্থা এমন হয়েছিল যে মনেই হত না জল রয়েছে। বাড়ছিল মশার উপদ্রব। বিষাক্ত পোকামাকড় আর সাপের আবাস হয়ে উঠেছিল পুকুরটি। স্থানীয় যুব তীর্থ ক্লাব এলাকায় প্রত্যেক বছর কালীপুজো করে থাকে। ক্লাবের সদস্যরা ঠিক করেন, কালীপুজোর চাঁদার টাকা বাঁচিয়ে পুকুর সংস্কার করবেন। যেমন ভাবা তেমনি কাজ। পরামর্শ নেওয়া হয় পরিবেশ বিশেষজ্ঞ মোহিত রায়ের। প্রায় দেড় লক্ষ টাকা খরচ করে সাফ করা হয় পুকুর। পরিবেশ রক্ষায় সাধারণ নাগরিকরা উদ্যোগ নিলে তার যে ইতিবাচক ফল মেলে, এই ঘটনা থেকেই সেটা স্পষ্ট।
