
ঘাসফুল থেকে পদ্মফুল – মুখোশের চাহিদা তুঙ্গে
ভোট মানেই যুদ্ধ। ভোট মানেই হিংসা-রক্ত। ভোট মানেই মানাভিমান। কিন্তু এসবের বাইরেও একটা তামাম দুনিয়া আপনার জন্য অপেক্ষা করছে। শুধুমাত্র রথ বা চড়ক নয়, ভোটটাও তাঁদের কাছে একটা উৎসবের মতো। এবারও লোকসভা ভোটের মুখে তাই বিভিন্ন রাজনৈতিক দলের বরাত মিলছে মুখোশ শিল্পীদের। কাটোয়া শহরের তিন পুরুষের মুখোশ তৈরির কাজ করেন হরিসভা পাড়ার দাস পরিবার। তাঁরা এখন ভোটের মিছিলের শোভাযাত্রায় মানুষকে আকর্ষণ করতে নানারকম অভিনবত্ব এনেছেন। সেই অভিনবত্বের অঙ্গ হল, মুখোশ নিয়ে মিছিল। মুখোশ হিসেবে যেমন মোদি–মমতার মতো রাজনৈতিক নেতৃত্বের মুখের চাহিদা থাকে, তেমনি কার্টুন, ঠাকুরদেবতা, পশুপাখির মুখের চাহিদাও থাকে। ভোটের মুখে তাই শিল্পীদের বাড়তি রোজগারও হয়।
ঘাসফুল থেকে পদ্মফুল, হাত থেকে কাস্তে-হাতুরি সবকিছুরই চাহিদা। এবারে নাকি একটু বেশিই চাহিদা। শিল্পীদের মুখে তাই হাসি ফুটেছে। প্রথমে তৈরি করা হয় ছাঁচ। তাতে খবরের কাগজ কেটে ধাপে ধাপে আঠা দিয়ে আটকানো হয়। তার ওপর আর্ট পেপারের টুকরো সেঁটে রং করে চাহিদা মতো ফুটিয়ে তোলা হয় বিভিন্ন আকার–আকৃতি। দামও থাকে নাগালের মধ্যে। ১০ থেকে ৫০ টাকা মাত্র। মুখ হোক বা মুখোশ- রাজনীতি তো সর্বত্র। তাই না?
ছবিসূত্র – ডেলিহান্ট
