
সাধারণ মানুষকে মরণোত্তর চক্ষুদানে আহ্বান জানালেন তিনি
নানা কারণে আমাদের দেশে খুব কম সংখ্যক মানুষ চক্ষুদান করেন। জেলা পুলিশ সুপারের মতো এক উচ্চ প্রশাসনিক আধিকারিক, দুষ্টের দমন ও শিষ্টের পালনের পাশাপাশি তিনি যদি মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন, তাহলে আরও বেশি সংখ্যায় সাধারণ মানুষ চক্ষুদানে আগ্রহী হয়ে উঠবেন, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকে না।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করে এরকমই অভিনব দৃষ্টান্ত স্থাপন করলেন। সোমবার বালুরঘাট নাট্যতীর্থ মন্মথ মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল শিল্পী মঞ্চ নামের একটি সংগঠন। ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই সংগঠন মরণোত্তর চক্ষুদানের কর্মসূচি নিয়েছিল। সেখানেই জেলা পুলিশ সুপার চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হন।
নারী-পুরুষ নির্বিশেষে ৭০ জনেরও বেশি মানুষ চক্ষুদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন সেদিন। জেলা পুলিশ সুপার আরও মানুষকে মরণোত্তর চক্ষুদানে ব্রতী হওয়ার ডাক দেন। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, সমাজসেবী ব্রতময় সরকার, চিকিৎসক রামেন্দু ঘোষ, দেবব্রত ঘোষ-সহ বিশিষ্ট জনেরা। জেলা পুলিশ সুপারের এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে নাগরিক সমাজ।
জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় আমাদের বলেন, “সব মানুষেরই কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে। সেই কমিটমেন্ট থেকেই ব্যক্তি প্রসূন বন্দ্যোপাধ্যায় চক্ষুদানের অঙ্গীকার করেছেন। জেলা পুলিশ সুপার হিসেবে আমি এই কাজ করিনি”।
