
পড়ুয়াদের স্কুলমুখী করতে যাদবপুর বিদ্যাপীঠের অভিনব উদ্যোগ
বহুতলের শহরে ছেলেমেয়েদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই তো কী হয়েছে? স্কুল ভবনের ছাদটিকেই ব্যবহার করা যেতে পারে খেলার মাঠ হিসেবে। অবাক হবেন না। যাদবপুর বিদ্যাপীঠ ইতিমধ্যেই সেই রকম সিদ্ধান্ত নিয়েছে। উদ্দেশ্য স্কুলছুট কমানো আর পড়ুয়াদের স্কুলমুখী করা।
এর আগে সিঙ্গাপুর এবং চিন স্কুল বিল্ডিং-এর ছাদে খেলার মাঠের পরিকাঠামো গড়ে নজির তৈরি করেছিল। ভারতে তথা পশ্চিমবঙ্গে এই ধরনের উদ্যোগ যাদবপুরেই প্রথম। এখন শহর ও শহরতলির সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে খেলার মাঠের অভাব একটি বাস্তব সমস্যা। পড়ুয়াদের শারীরিক ও মানসিকভাবে সতেজ রাখার জন্য খেলাধুলোর ক্লাস এবং অ্যানুয়াল স্পোর্টসের আয়োজন করতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয় বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে। এই সংকট থেকে মুক্তি পেতেই স্কুলের ছাদে খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা করে যাদবপুর বিদ্যাপীঠ। প্রথমেই গোটা ছাদে নয়, ছাদের একটা অংশে মাঠ তৈরি করা হবে। পড়ুয়াদের নিরাপত্তার জন্য ছাদের চারদিক উন্নতমানের জাল দিয়ে ঘিরে দেওয়া হবে। এই অভিনব উদ্যোগকে সমাজের বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। যাদবপুর বিদ্যাপীঠ সফলভাবে এই কর্মসূচিকে রূপায়ন করলে অন্যান্য স্কুলও তাদের মডেল হিসেবে অনুসরণ করতে পারে বলে নাগরিক সমাজ মনে করছে।
বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, প্রাথমিক খরচ তুলতে সাহায্য নেওয়া হবে স্কুল এবং স্কুলের প্রাক্তনী সংসদের থেকে। মাঠ তৈরি হলে পুরো বিষয়টি সরকারের কাছে জানানো হবে। ছাদের মাঠে মাল্টি গেমসের ব্যবস্থা থাকবে, যেখানে ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিল্টনের মতো খেলা পড়ুয়ারা খেলতে পারবে।
ছবি সূত্র – UrbanPro
