
আফ্রিকা তোলপাড় জাল চালের গুজবে
পশ্চিমবঙ্গে গুজব ছড়িয়েছিল প্লাস্টিকের ডিম নিয়ে। এবার গুজব আফ্রিকায়। চাল নিয়ে। আফ্রিকার বিভিন্ন দেশে নাকি বিক্রি হচ্ছে প্লাস্টিকের চাল। দেখতে সাধারণ চালের মতোই, কিন্তু দলা পাকিয়ে এই চালের ভাত দিয়ে যখন বল তৈরি করা হয় সেটি নাকি রবারের বলের মতো লাফায়। এমন গুজব এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইউটিউবেও তাই।
সেনেগাল, গাম্বিয়া আর ঘানায় এই গুজব মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। বাধ্য হয়ে ঘানার 'ফুড এন্ড ড্রাগ কর্তৃপক্ষ একটি তদন্ত চালায়। বলা হয় যার যার কাছে প্লাস্টিকের চাল আছে জমা দিন। তদন্ত শেষে ঘানার ফুড এন্ড ড্রাগ অথরিটি বলছে, প্লাস্টিকের চালের কোন প্রমাণ তারা পায়নি। ২০১০ সালে চীনে এই গুজবের সূত্রপাত। বিশেষজ্ঞরা বলেন, এই প্লাস্টিকের চাল তৈরির খরচ সত্যিকারের চালের উৎপাদন খরচের থেকে অনেক অনেক বেশি। ফ্রান্সের টুয়েন্টি ফোর' চ্যানেলের একজন সাংবাদিক আলেক্সান্দ্রে ক্যাপরন এই প্লাস্টিকের চালের মিথ্যে গল্পের পেছনের কাহিনি অনুসন্ধান করেছেন। তিনি বলছেন, আমদানি করা চাল যাতে লোকে না কেনে, এবং স্থানীয়ভাবে উৎপাদিত চাল যাতে কেনে, তার জন্যই গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু সেই গুজব প্রয়োজনের থেকে বেশি ছড়িয়ে পড়ায় সমস্যা তৈরি হচ্ছে। তাই এখন সরকারগুলোকে ঘোষণা করতে হচ্ছে প্লাস্টিকের চাল বলে কিছু নেই।
