
পেট বোতলকে একেবারে ছোটো ছোটো টুকরো করে ফেলে এই যন্ত্র
যেখানে সেখানে পড়ে থাকা প্লাস্টিকের বোতলগুলির কারণে দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে দূষণ। প্লাস্টিকের বিষ থেকে শহরকে মুক্ত করতে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবার নানা জায়গায় বটল ক্রাশার বসানোর উদ্যোগ নিয়েছে।
মহানগরে প্রতিদিন কঠিন বর্জ্য উৎপন্ন হয় ৫ হাজার টনের কাছাকাছি। তার প্রায় ১০-১১ শতাংশ থাকে প্লাস্টিক। এগুলোকে পুনর্ব্যবহার করলে প্লাস্টিক দূষণের পরিমাণ অনেকটাই কমবে। পেট বোতলের পুনর্ব্যবহার ক্রমেই আমাদের দেশে এক লাভজনক ব্যবসা হয়ে উঠছে। বটল ক্রাশার মেশিনে পলিথিলিন টেরিফথ্যালেট বা পেট বোতল ঢুকিয়ে দিলে সেগুলোকে খুব ছোটো ছোটো টুকরোয় পরিণত করে ওই যন্ত্র। যার ফলে সেই প্লাস্টিক আবার ব্যবহারের উপযোগী হয়ে ওঠে।
তাই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কলকাতার জনবহুল এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বটল ক্রাশার বসানোর উদ্যোগ নিয়েছে। বেলেঘাটা বিল্ডিং মোড়ে পর্ষদের সদর দপ্তরে ইতিমধ্যেই লাগানো হয়েছে এই যন্ত্র। এরপর আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বড়ো বড়ো অফিসের সামনে বটল ক্রাশার বসানো হবে। কাজ শুরু হবে খুব শিগগিরই।
