
মাউন্ট মানাসলুর পর এভারেস্ট
চলল মেয়ে রণে চলল।
চির তুষারাবৃত পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এভারেস্ট জয় করা যুদ্ধ ছাড়া আর কী! চন্দননগরের পিয়ালী বসাক সেই যুদ্ধজয়ের জন্যই রওনা দিলেন কাল। স্টেশনে তাঁকে সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন গুণীজন এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা।
এর আগে প্রথম অসামরিক ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট মানাসলুর শিখর ছুঁয়েছেন পিয়ালী। তাঁর নিজের জবানিতেই সেই গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা পড়েছেন বঙ্গদর্শনের পাঠকরাও। মাউন্ট মানাসলুর পর আরেকটা আট হাজার মিটারের শৃঙ্গ। এবারে এক্কেবারে এভারেস্ট।
আজই মিথিলা এক্সপ্রেস ধরে রক্সৌলে পৌঁছবেন পিয়ালী। সেখান থেকে কাঠমাণ্ডু হয়ে বেসক্যাম্প। পিয়ালীর বক্তব্য, মে মাসের ২০-২৫ তারিখের মধ্যে তিনি এভারেস্ট জয়ের পরিকল্পনা করছেন। স্বপ্ন ছোঁয়ার উদ্দেশে পাড়ি জমালেন আজ।
ঘরের মেয়ে শিখর জয় করে ঘরে ফিরুক, প্রার্থনা এটুকুই।
