ভারতের প্রথম লোকপাল হলেন পিনাকী চন্দ্র ঘোষ

প্রথম লোকপাল হিসেবে একজন বাঙালিকে বেছে নিল সিলেকশন কমিটি

দেশের প্রথম লোকপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ। তাঁকে  ভারতের প্রথম লোকপাল ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দুর্নীতি বিরোধী ন্যায়পাল বাছাই কমিটির  বৈঠকে বিচারপতি ঘোষের নাম উঠে আসে। এই সিলেকশন কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন এবং বিশিষ্ট আইনজ্ঞ মুকুল রোহতগি। 

দেশের নানা প্রান্তে থেকে যাওয়া আমলাতন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে ৫ বছর আগেই লোকপাল অ্যাক্ট নিয়ে সিদ্ধান্ত হয়। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার দেশ পেতে চলেছে প্রথম লোকপাল। ঘটনাচক্রে তিনি একজন বাঙালি। সারা ভারতের  বিভিন্ন দিকে ছড়িয়ে থাকা দুর্নীতির বিষয়ে যেমন বিচারের ক্ষমতা থাকবে লোকপালের হাতে, তেমনই লোকপালের আওতায় অনেক সাংসদ, নেতা, মন্ত্রীদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ব্যবস্থাও থাকবে। লোকপাল সদস্যদেরও নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। এদের মধ্যে চারজন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তাঁরা হলেন, বিচারপতি দিলীপ বি ভোঁসলে, বিচারপতি পি কে মোহান্তি, বিচারপতি অভিলাষা কুমারী ও বিচারপতি এ কে ত্রিপাঠী। লোকপালের সদস্যদের বাকি চারজন হলেন প্রাক্তন আমলা – দিনেশ কুমার জৈন, অর্চনা রামাসুন্দরম, মহেন্দর সিং এবং আই পি গৌতম।

বিচারপতি পিনাকী ঘোষ ২০১৭ সালের মে মাসে সুপ্রিম কোর্টের বিচারপতির পদ থেকে অবসর নেন। তখন থেকেই তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি লোকপালের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন আগামী সপ্তাহের মধ্যেই।

Developed by DXDasia