
ইভেন্ট হরাইজন টেলিস্কোপের মাধ্যমে ছবিটি তোলা হয়েছে
প্রথমবারের মতো ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের ছবি তুলতে সক্ষম হলেন জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ৫০০ মিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার দূরে থাকা এই ব্ল্যাকহোল আমাদের গ্রহ থেকে ৩০ লক্ষ গুণ বড়ো। বিজ্ঞানীরা যাকে বলছেন, দানব।
উচ্চ ক্ষমতা সম্পন্ন ইভেন্ট হরাইজন টেলিস্কোপের মাধ্যমে এই ব্ল্যাকহোলের ছবিটি তোলা সম্ভব হয়েছে। এই টেলিস্কোপ আসলে আটটি বেতার টেলিস্কোপের একটি বিশাল বড়ো নেটওয়ার্ক। সেগুলো রাখা হয়েছিল হাওয়াই, অ্যারিজোনা, স্পেন, মেক্সিকো, চিলি ও দক্ষিণ মেরুতে। গোটা পৃথিবীর সমান ভার্চুয়াল টেলিস্কোপ তৈরি হয়েছিল এইভাবে। প্রত্যেক যন্ত্র আলদাভাবে তথ্য সংগ্রহ করেছে। সব তথ্য জড়ো করে একটি সুপার কম্পিউটার তৈরি করেছে একক একটি ছবি। যে ছবিটিকে আমরা ব্ল্যাকহোলের ছবি হিসেবে দেখছি। সেই দুর্লভ ছবি বুধবার প্রকাশ করা হয়েছে ‘অ্যাস্ট্রোফিজিকাল জার্নাল লেটার’ নামে এক গবেষণামূলক পত্রিকায়।
