
নেতাজির মৃত্যুদিন সংক্রান্ত সরকারি ঘোষণাটিও কি বাতিল, উঠছে প্রশ্ন
গত রবিবার, ১৮ আগস্ট, প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র একটি টুইট তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশে। সেই টুইটে সরকারিভাবে ১৮ আগস্ট দিনটিকে নেতাজির মৃত্যুদিন হিসেবে ঘোষণা করে নেতাজিকে শ্রদ্ধা জানায় পিআইবি। প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১৮ আগস্টেই জাপানের তাইহোকুতে বিমান দুর্ঘটনার পর নিরুদ্দেশ হয়েছিলেন নেতাজি। তারপর থেকেই তাঁর মৃত্যু নিয়ে বিতর্ক চলছে। সেই ধোঁয়াশার কোনও সমাধান এখনও হয়নি। পিআইবি-র এই টুইট সেই বিতর্কের সমাধান ঘটিয়ে দিল বলেই মনে করছিলেন ওয়াকিবহাল মহল।
কিন্তু, ঠিক কোন তথ্যসূত্র ও প্রমাণের ভিত্তিতে এই সমাধানে পৌঁছল কেন্দ্র সরকার, তা নিয়েও বিতর্ক চরমে ওঠে এই টুইটের পর। কেন হঠাৎ ১৮ আগস্টকেই নেতাজির মৃত্যুদিন হিসেবে ঘোষণা করা হল, প্রশ্ন শুরু হয় তা নিয়েও। বিজেপি নেতা এবং সুভাষচন্দ্রের পরিবারের সদস্য চন্দ্রকুমার বসুও এই ঘোষণার বিরোধিতা জানান।
বিতর্কের মুখে সেই টুইট অবশেষে মুছে দিয়েছে পিআইবি। যদিও এই টুইট নিয়ে কোনো ক্ষমাপ্রার্থনা এখনো করেনি তারা। কিন্তু, তাদের এই টুইট মুছে দেওয়াও যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে ওয়াকিবহাল মহল। এর ফলে, নেতাজির মৃত্যুদিন সংক্রান্ত ‘সরকারি’ ঘোষণাটিও কি তাহলে আর থাকল না, প্রশ্ন উঠছে।
