
অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চাইছেন সাধারণ নাগরিকরা
আগামীকাল সপ্তম তথা শেষ দফার সাধারণ নির্বাচন ঘিরে মানুষের উত্তেজনা তুঙ্গে। শেষ হয়েছে প্রার্থীদের জমকালো সব প্রচার। দিল্লির দরবার আগামী ৫ বছর কার দখলে থাকবে, এই নিয়ে চলছে নানাবিধ জল্পনা। এরই মধ্যে এই সাধারণ নির্বাচনে শেষ বারের ভোটাধিকার প্রয়োগ করতে প্রস্তুত হচ্ছেন নাগরিকরা।
রাত পেরোলেই বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গে, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং হিমাচলপ্রদেশের ১০ কোটিরও বেশি মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পশ্চিমবঙ্গে কাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বারাসত, বসিরহাট, দমদম, দক্ষিণ ২৪ পরগনার যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে। নজরে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, চৌধুরী মোহন জাটুয়া, সৌগত রায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো হেভিওয়েট প্রার্থীরা। ভোট যাতে শান্তিপূর্ণ এবং অবাধ হয়, বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের কাছে সচেতন নাগরিকরা আবেদন রাখছেন।
