আজ থেকে যাত্রা শুরু করছে সত্যজিৎ, অমর্ত্য, অভিজিতের নামাঙ্কিত উদ্যান – পড়ুন সারাদিনের বাছাই খবর

দিনযাপনে বাছাই করা খবর

আজ থেকে যাত্রা শুরু করছে সত্যজিৎ, অমর্ত্য, অভিজিতের নামাঙ্কিত উদ্যান

গত বছরের শেষে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তিনটি পার্ক সত্যজিৎ রায়, অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা। গাঙ্গুলিবাগানের কাছে কুসুম কানন পার্কের নাম পাল্টে রাখা হয় ‘অমর্ত্য সেন শিশু উদ্যান’, রবীন্দ্রপল্লির একটি পার্কের নাম দেওয়া হয় ‘সত্যজিৎ রায় শিশু উদ্যান’। ফুলবাগান পার্কের নাম হয় ‘অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় শিশু উদ্যান’। আজ সন্ধেবেলা এই তিন পার্কের উদ্বোধন করবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায়, এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার। এছাড়াও হাজির থাকবেন বিশিষ্টজনেরা।

অ্যাসিড আক্রান্ত তরুণী সঞ্চয়িতা ফিরে পেল নতুন জীবন

ভালোবাসার কাছে আরও জ্বলজ্বল করে ওঠে সেইসব কঠিন দুঃসহ দিনগুলো। একসময় ভালোবাসার মানুষটাই অ্যাসিড ছুঁড়েছিল সঞ্চয়িতার মুখে। অন্যদিকে আরেক ভালোবাসার মানুষ সারাজীবন তাঁর পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হলেন। ২৫ ফেব্রুয়ারি বিবাহ-বন্ধনে আবদ্ধ হলেন অ্যাসিড আক্রান্ত তরুণী সঞ্চয়িতা যাদব এবং দমদমের বাসিন্দা শুভ্র দে। ২০১৪ সালের ২২ অগাস্ট দিনটা এখনও সঞ্চয়িতার কাছে দগদগে ঘায়ের মতোই। সেদিন রাস্তায় ছটফট করছিল কুড়ি বছর বয়সী মেয়েটি। শুভ্র তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন। সঞ্চয়িতা ফিরে পেয়েছিল খাঁটি ভালোবাসা। এই বৈবাহিক সম্পর্ক দৃষ্টান্ত হয়ে থাকবে আগামীদিনের ইতিহাসের পাতায়। এই যুগলকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অভিনেতা স্বয়ং শাহরুখ খান। অভিনন্দন জানিয়েছিলেন সমাজের সকল স্তরের মানুষ।

সহজে নিউ টাউন থেকে সল্টলেক পৌঁছে দিতে আসছে নতুন ব্রিজ

নিউ টাউন এবং সল্টলেকের মধ্যে যাতায়াত ক্রমশ বাড়ছে। দীর্ঘদিন ধরে এই দুই জায়গার মধ্যে যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়ে চলেছে বক্স ব্রিজ। এই ব্রিজের ওপর চাপ অতিরিক্ত পড়ছে, বয়স বেড়ে যাওয়ায় ব্রিজটির স্বাস্থ্যও ভালো নয়। তাই, বছরখানেক আগে কেষ্টপুর খালের ওপর নতুন ব্রিজ তৈরির জন্য হিডকোকে অনুরোধে করেছিল বিধাননগর কমিশনারেট। বিশেষজ্ঞ সংস্থার পরামর্শ নিয়ে নতুন ব্রিজের নকশা হিডকোর ইঞ্জিনিয়াররা বানিয়ে ফেলেছেন। ব্রিজ নির্মাণ চালু করার জন্য টেন্ডার ডাকাও হয়ে গিয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী মাসেই চার লেনের এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। নতুন ব্রিজের এক প্রান্তে থাকবে সল্টলেকের মহিষবাথান, অন্যদিকে নিউ টাউনের সিজি ব্লক বা মেজর আর্টিয়াল রোড। ব্রিজ তৈরি হতে মোটামুটি আড়াই বছর সময় লাগবে। (ছবি-প্রতীকী)

আজ নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের ১৭৬তম জন্মদিবস

তিনি সঙ্গীতজ্ঞ, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য-নির্দেশক এবং অভিনেতা। গিরিশচন্দ্র ঘোষ। ১৮৬৭ সালে মাইকেল মধুসূদন রচিত ‘শর্মিষ্ঠা’ নাটকের গীতিকার হিসেবে নাট্যজগতে তাঁর প্রথম জীবন শুরু হয়েছিল। এর ঠিক দু’বছর পরে দীনবন্ধু মিত্রের ‘সধবার একাদশী’ নাটকে অভিনয় করে সুনাম অর্জন করেন। ১৮৭২ সালে তিনিই প্রথম বাংলায় পেশাদার নাট্য কোম্পানি ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন। ১৮৮৪ সালের ২০ সেপ্টেম্বর ‘নটী বিনোদিনী’কে নিয়ে স্টার থিয়েটারে ‘চৈতন্যলীলা’ নাটকটি মঞ্চস্থ করেছিলেন। নাট্যকার হিসাবে অভিনয় জগতের গুরুদায়িত্ব পালন করেন গিরিশ ঘোষ। পরবর্তীকালে শিশির ভাদুড়ি এবং শম্ভু মিত্র তাঁরই উত্তরণের পথে হেঁটেছিলেন। গিরিশ ঘোষ নাট্যজগতে না এলে বাংলা থিয়েটারের পালাবদল কিছুতেই সম্ভব হত না। আজ নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের ১৭৬তম জন্মদিবস।
Developed by DXDasia