
‘দ্য অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেজ’ শিরোপা দেওয়া হবে তাঁকে
এই বছরেই জাপানের ‘দ্য অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেজ’ শিরোপা দেওয়া হবে অধ্যাপক-শিক্ষাবিদ পবিত্র সরকারকে। এটি জাপান দেশের অন্যতম শীর্ষ সরকারি পুরস্কার। জাপান সম্রাট মেইজির আমলে, ১৮৭৫ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক উন্নয়ন এবং নিজের পরিবেশ রক্ষার ক্ষেত্রে সারাজীবনের কর্মকীর্তি হিসাবে এই পুরস্কার প্রদান করা হয়। অধ্যাপক পবিত্র সরকার ইন্দো-জাপান ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন-এর সভাপতির দায়িত্ব সামলেছেন বহুদিন। জাপান সরকারের আমন্ত্রণে প্রায় সাতবার সেইদেশে গিয়েছেন পবিত্রবাবু।
এমনকি অসংখ্য জাপানি ছাত্র-ছাত্রীদের বাংলা ভাষা লিখতে ও বলতে শিখিয়েছেন। ভারত আর জাপানের মেলবন্ধনে শিক্ষাবিদ পবিত্রবাবুর ভূমিকা অনস্বীকার্য। জাপান সরকারের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান হিসেবে এটি স্বীকৃত। আগামী ১৫ জুলাই কলকাতার জাপানি কনসাল জেনারেল মাসায়ুকি তাগা এই পুরস্কার পবিত্র সরকারের হাতে তুলে দেবেন।
