
গতবছর আজকের দিনেই ৩৭৭ ধারা বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট
আজ ৬ সেপ্টেম্বর। ভারতীয় দণ্ডবিধির ইতিহাসে এক উজ্জ্বলতম দিন। গতবছর আজকের দিনেই সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বর্ণনা করা ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। ব্রিটিশ জমানার এই বিতর্কিত আইনটির সুবাদে ‘অপ্রাকৃতিক যৌনতা’ নামক একটি তকমার অপরাধে কোনও ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারতো।
১৮৬১ সালের জারি করা ধারাটি ২০০৯ সালে সমকামিতা অপরাধ নয় বলে রায় দিয়েছিল দিল্লির হাইকোর্ট। তারপরেও বহু বছর সময় লেগেছিল একটি রায় ঘোষণা করতে। ভারতীয় দন্ডবিধির সেকশন ৩৭৭ এমন একটি আইন ছিল, যেখানে সবসময় তাদের ভয়ে সিঁটিয়ে থাকতে হত। কারণ যৌনতার দোহাই দিয়ে পুলিশ যখন খুশি গ্রেফতার করতে পারে সমকামীদের। শুনানিতে এক বিচারপতি মন্তব্য করেন, যৌনতার কারণে কাউকে ভীতির মধ্যে জীবনযাপন করা উচিত নয়।
সেকশন ৩৭৭ কী?
এটি ১৫৭ বছর পুরনো ঔপনিবেশিক আমলের একটি আইন, যেটি ১৮৬১ সালে জারি করা হয়।
সেখানে কিছু যৌন অপরাধকে অস্বাভাবিক অপরাধ বলে বর্ণনা করা হয়েছে, যার জন্য ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
যেখানে বলা হয়েছে, “স্বাভাবিক নিয়মের বাইরে মানুষ,নারী বা কোন পশুর সঙ্গে যৌন মিলন” করা হলে তা শাস্তিযোগ্য হবে।
এইসব ভুলভাল আইন যদিও কখনোই এলজিবিটি কমিউনিটি মানুষদের দমিয়ে রাখতে পারেনি। তাঁদের লড়াই সমানভাবেই বজায় থেকেছিল। শেষমেশ জয় হল তাঁদেরই। কিন্তু প্রশ্ন ওঠে, এই লড়াই কি শেষ হয়ে গিয়েছে? নাকি আসল বাঁচার লড়াইটা নতুনভাবে শুরু হয়েছে? উত্তর দেবে সময়। আজ উল্লাসের দিন, কেঁদে-হেসে উঠে একে অপরকে জড়িয়ে ধরার দিন।
ছবি- প্রতীক দে চৌধুরী
