
টোলগুলিকে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্টাডি সেন্টারের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার
এখন পশ্চিমবঙ্গে টোলের সংখ্যা ৪০০-র কাছাকাছি। সেই সব টোলগুলিকে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্টাডি সেন্টারের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একইসঙ্গে টোলের সংস্কৃত সাহিত্যের সিলেবাসেরও খোলনলচে বদলানো হবে। করে তোলা হবে সময়োপযোগী। ইতিমধ্যেই বিধি তৈরির কাজ শুরু হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে। বিধি তৈরির পর টোলগুলির পঠনপাঠন, প্রশাসনিক দিকগুলিকে কীভাবে আরও উন্নতমানের করে তোলা যায়, আলোচনা হবে তা নিয়েও।
টোলগুলির উন্নয়নের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে সংস্কৃত সাহিত্যের গবেষণার ওপরও। রাজ্যে তৈরি হতে চলেছে সংস্কৃত সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্র। নদীয়া জেলার নবদ্বীপে গৌরাঙ্গ সেতুর পাশে এই কেন্দ্রটি গড়া হবে। গোটা প্রকল্পটির বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার ২৬ কোটি টাকা বরাদ্দ করেছে।
