
বাদল অধিবেশনেই পাশ হবে ওবিসি বিল
সব রাজ্য রাজি। ফলে ওবিসি বা অন্য অনগ্রসর জাতি সংক্রান্ত কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কার্যত আর কোনও বাধা রইল না। বিষয়টি নিয়ে বিবেচনার জন্য রাজ্য সভা যে কমিটিকে দায়িত্ব দিয়েছিল, সেখানে সব রাজ্যের প্রতিনিধিই এই প্রস্তাবে সম্মত হয়েছে। সংসদের বাদল অধিবেশনের প্রথম সপ্তাহেই এই সংক্রান্ত রিপোর্টটি পেশ করবেন কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ ভূপেন্দ্র যাদব। গত অধিবেশনের শেষের দিকে বিলটি রাজ্যসভায় আনা হয়েছিল। তখন বিরোধীদের দাবি ছিল, এত গুরুত্বপূর্ণ একটি বিল কখনই তাড়াহুড়ো করে পাশ করানো উচিত নয়। রাজ্যসভায় বিরোধীদের শক্তি বেশি থাকায় সরকারকে এই দাবি মেনে নিয়ে বিলটি বিশেষ কমিটির কাছে পাঠানো হয়েছিল। বিজেপি অবশ্য বলতে ছাড়েনি, কংগ্রেস ওবিসি বিল পাশ করাতে বাধা দিচ্ছে।
