
শুক্রবার আস্থাভোট পেতে বিধানসভায় যাবেন নীতীশ
বৃহস্পতিবার সকালে বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন নীতীশ কুমার। এই নিয়ে ষষ্ঠবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন তিনি, যার চারবারই বিজেপির সহযোগিতায়। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী শপথবাক্য পাঠ করান তাঁকে। নীতীশ কুমারের সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন সুশীল মোদীও। শুক্রবার বিধানসভায় আস্থাভোটের জন্য যাবেন নীতীশ।
নয়া মন্ত্রিসভায় আপাতত দুজন সদস্য – নীতীশ কুমার ও সুশীল মোদী। বাকি কারা কারা থাকবেন, ঠিক করা হয়নি। অবশ্য তার আগেই আস্থাভোটে জয়ী হতে হবে নীতীশকে। যদিও সেই জয় আটকাবে না – এমনটাই দাবি বিজেপির।
এদিকে, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব জানান, তাঁদের জোটকে জনসাধারণ গ্রহণ করেছিল। বিজেপিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল সাধারণ মানুষ। নীতীশ বিজেপির সঙ্গে হাত মেলানো জনমতকে অপমান করা হয়েছে। এর প্রতিবাদে সুপ্রিম কোর্টে যাবেন লালুপ্রসাদ।
