
‘পুরনো দিনের ভালো নেপালি লোকগান শোনেননি আন্দোলনকারীরা’- জেলাশাসক
জেলাশাসকের অফিসে বাজছিল নেপালি গান, আর তাতেও আপত্তি মোর্চার। মোর্চার সহ সম্পাদক বিনয় তামাং-এর বক্তব্য ‘পাহাড়ে তাঁদের লোক আহত হচ্ছে, গ্রেফতার হচ্ছে, তা সত্ত্বেও জেলাশাসকের অফিসে গান কেন? জেলাশাসকের অফিস কি কোনও ক্লাব নাকি সেটা থিয়েটার, নাকি পাব?’
বিনয় তামাঙের এই প্রশ্নের জবাবে জেলাশাসক জয়শি দাসগুপ্ত বলেন, ‘বহু পুরানো নেপালি গান তাঁরা বাজাচ্ছেন। এই লোকগানগুলি যারা আজ আন্দোলন করছেন তাঁরা কোনও দিন শোনেননি তবে তাঁদের পূর্বপুরুষ নিশ্চয় শুনেছেন’। জেলাশাসক আরও জানান, এই গান বাজানো কোনও নতুন ঘটনা নয়, পুরানো দিনের ভালো নেপালি গান তারা অনেকদিন ধরেই অনেক সরকারি অফিসে বাজিয়ে যাচ্ছেন। তাই জেলাশাসকের প্রশ্ন, তাহলে আজ হঠাৎ মোর্চা আপত্তি করছে কেন?
