
নির্বাচনী আবহে গত কয়েক সপ্তাহে পালটে গিয়েছে করোনা-পরিস্থিতি
গত জানুয়ারিতে দেশজুড়ে টিকাকরণ শুরুর ঠিক আগে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকে অনেকটাই নিয়ন্ত্রণে ছিল সংক্রমণ। এমনকী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছিলেন, করোনা থেকে মুক্তর পথে দেশ। কিন্তু নির্বাচনী আবহে গত কয়েক সপ্তাহে ফের পালটে গিয়েছে পরিস্থিতি। আর সেই কারণেই করোনা ঠেকাতে রাজ্যগুলিকে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে থেকেই সতর্কতা অবলম্বন করেছিল নির্বাচন কমিশন। সেইমত ভোটকর্মীদের ‘স্পেশাল’ ট্রেনিংও করানো হয়েছে। এ ছাড়াও ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে গ্লাভস। থাকবে স্যানিটাইজার এবং মাস্কও। করোনা পরিস্থিতিতে সতর্কতা হিসেবে প্রত্যেকটি জেলায় এই নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। উপসর্গ নেই এরকম কোনও ভোটার ইভিএম ব্যবহার করার পর পরবর্তী ভোটারের একটা সংক্রমণের সম্ভাবনা রয়ে যায়। আর শুধু ভোটারই নয়, সংক্রমিত হতে পারেন ভোটকর্মীরাও। ফলে ঝুঁকি এড়াতে সব ধরনের বন্দোবস্ত রাখা হচ্ছে। কেউ যদি বাড়ি থেকে গ্লাভস বা মাস্ক না নিয়ে আসেন তবে তাঁকে ভোটগ্রহণ কেন্দ্র থেকেই সেটি সরবরাহ করা হবে। ভোটদানের পর তিনি সেটি নিয়ে যেতেও পারেন বা ইচ্ছা করলে নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে পারেন।
একদিকে যেমন ভোটারদের জন্য সতর্কতা অবলম্বন করা হচ্ছে তেমনি ভোটকর্মীদেরও সতর্ক থাকতে হবে। বিষয়টি এমন নয় যে শুধু ভোটারদের সতর্ক থাকলেই হবে। ভোটকর্মীরা ভোটগ্রহণ কেন্দ্রের ভেতরে ও বাইরেও করোনা সতর্কতা মেনে চলবেন। তাঁদেরকেও পরতে হবে মাস্ক। রাখতে হবে স্যানিটাইজার বা গ্লাভস। ভোটগ্রহণ কেন্দ্রে পারস্পরিক দূরত্ব মেনে চলাটাও বাধ্যতামূলক। বয়স্কদের জন্যেও থাকবে বিশেষ ব্যবস্থা। এই বিষয়গুলি সঠিক মানা হচ্ছে কি না তা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হবে।
প্রসঙ্গত, বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৯০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ৭৩৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮৮ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে প্রায় ১৫ শতাংশ বেশি। যা রীতিমতো চিন্তার।
