জাপানের আকাশ দিয়ে উড়ে গেল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার কোনো চেষ্টা জাপান করেনি

জাপানের আকাশ দিয়ে উড়ে গেল উত্তর কোরিয়ার  ক্ষেপণাস্ত্র। ২,৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ল ক্ষেপণাস্ত্রটি।  ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার কোনো চেষ্টা জাপান করেনি। তবে দেশটিতে সতর্কতামূলক ঘণ্টা বাজানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি এলাকা থেকে মঙ্গলবার ভোরে পূর্বদিক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এটি আরও বলেছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশ অতিক্রম করে উত্তর প্রশান্ত মহাসাগরে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং অন্তত ২,৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে।

জাপানি টেলিভিশন দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের উত্তরাঞ্চলীয় ‘হোক্কাইদো’ দ্বীপের উপর দিয়ে উড়ে গিয়ে তিন খণ্ডে বিভক্ত হয়ে সাগরে পড়েছে।

উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন দ্বীপ গুয়ামে হামলা চালানোর হুমকি দিয়েছিল। গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হলে সেই ক্ষেপণাস্ত্রকে জাপানের আকাশসীমা দিয়েই উড়ে যেতে হবে। ফলে এটাকে আমেরিকার উদ্দেশে উত্তর কোরিয়ার এক ধরনের হুমকি বলেই ভাবা হচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে একটি ‘গর্হিত কাজ’ এবং ‘অভূতপূর্ব, মারাত্মক ও বিপর্যয়কর হুমকি' বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, জাপানের জনগণের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে তার সরকার সম্ভাব্য সবকিছু করবে।

Developed by DXDasia